সারাদেশ

আওয়ামী লীগের সাবেক এমপি আজিজুল হক লালমাটিয়া থেকে আটক

আওয়ামী লীগের সাবেক এমপি আজিজুল হক লালমাটিয়া থেকে আটক
📷 ছবি: সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে আটক করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১০টার দিকে লালমাটিয়ার মীনাবাজারের সামনে থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় ছাত্রদল নেতাদের সহযোগিতায় আজিজুল হক আরজুকে আটক করা হয়। এ সময় ধস্তাধস্তির ঘটনায় তিনি সামান্য আহত হন। তার বয়স ৬৯ বছর।

মোহাম্মদপুর থানা পুলিশ জানিয়েছে, আজিজুল হক আরজু হৃদরোগে আক্রান্ত। আটকের পর তার শারীরিক অবস্থার বিষয়টি বিবেচনায় নিয়ে পুলিশি পাহারায় পরিবারের সদস্যদের সঙ্গে তাকে চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে আজিজুল হক আরজুর বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, আটকের ঘটনাকে কেন্দ্র করে লালমাটিয়া এলাকায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

খন্দকার মো. আজিজুল হক আরজু ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।