জিএসটি গুচ্ছেই থাকছে যবিপ্রবি, যুক্ত হচ্ছে আরও তিন বিশ্ববিদ্যালয়
যবিপ্রবি প্রতিনিধি- সুবর্ণা বেগম
সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়ায় আসছে বড় ধরনের পরিবর্তন। গুচ্ছ থেকে একটি বিশ্ববিদ্যালয় বের হয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করলেও নতুন করে আরও তিনটি বিশ্ববিদ্যালয় এতে যুক্ত হওয়ার অপেক্ষায় রয়েছে।
তবে গুচ্ছ থেকে বের হয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার প্রাথমিক আলোচনা থাকলেও শেষ পর্যন্ত জিএসটি গুচ্ছেই বহাল থাকছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত গুচ্ছ ভর্তি-সংক্রান্ত গুরুত্বপূর্ণ এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, আসন্ন ভর্তি পরীক্ষা পরিচালনার মূল দায়িত্ব পালন করবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)। গুচ্ছ ভর্তি কার্যক্রমের সুষ্ঠু ব্যবস্থাপনা ও দ্রুত কার্যক্রম সম্পন্ন করতেই এ দুটি বিশ্ববিদ্যালয়কে সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে, চলমান সমন্বিত গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় নতুন করে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে আরও তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানগুলো হলো— বগুড়া বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় ও মেহেরপুর বিশ্ববিদ্যালয়। নতুন এই তিনটি বিশ্ববিদ্যালয় যুক্ত হলে জিএসটি গুচ্ছভুক্ত মোট বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়াবে ২৩টিতে।
বর্তমানে সমন্বিত এই ভর্তি প্রক্রিয়ায় দেশের ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয় যুক্ত রয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো হলো— ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়।
এর পাশাপাশি গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় নতুন করে যুক্ত হওয়ার আগ্রহ জানিয়েছে বগুড়া বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় ও মেহেরপুর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় তিনটি বর্তমানে শিক্ষা কার্যক্রমের প্রাথমিক পর্যায়ে থাকায় গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় যুক্ত হলে শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি কমবে। একই সঙ্গে ভর্তি কার্যক্রম আরও সমন্বিত ও সহজতর হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
জিএসটি গুচ্ছেই থাকছে যবিপ্রবি, যুক্ত হচ্ছে আরও তিন বিশ্ববিদ্যালয়
📷 ছবি: সংগৃহীত