ত্রিশালে ইসলামী আন্দোলনের নতুন নেতৃত্বে জাহাঙ্গীর ও মাহফুজ
এম.এ.এইচ রাকিবুল ইসলাম, ত্রিশাল প্রতিনিধি :
জনপ্রত্যাশা পূরণ ও শরিয়াহভিত্তিক রাষ্ট্রকাঠামো প্রতিষ্ঠার লক্ষ্য সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে এস. এম. মাঈনুদ্দীন জাহাঙ্গীরকে সভাপতি এবং প্রভাষক ডা. মাহফুজুর রহমানকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ত্রিশাল পৌর শহরের দরিরামপুরস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের প্রথম পর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন এস. এম. মাঈনুদ্দীন জাহাঙ্গীর। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সভাপতি মুফতি মুহা. ইয়াকুব সাঈদ।
সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক ডা. মাহফুজুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মাসউদুর রহমান ও মাওলানা সাইফুল্লাহ মানসুর, সাধারণ সম্পাদক মাওলানা ফজলুল করীম রসূলপুরী, সহকারী সেক্রেটারি মুফতি মাহদী হাসান তালুকদারসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।
আলোচনা সভায় বক্তারা ইসলামী মূল্যবোধ, ন্যায়বিচার, সুশাসন ও জনকল্যাণভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার পাশাপাশি সাধারণ মানুষের কাছে ইসলামী আন্দোলনের আদর্শ ও কর্মসূচি পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
সম্মেলনের দ্বিতীয় পর্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার নতুন কমিটির সভাপতি হিসেবে এস. এম. মাঈনুদ্দীন জাহাঙ্গীর এবং সাধারণ সম্পাদক হিসেবে প্রভাষক ডা. মাহফুজুর রহমানের নাম ঘোষণা করা হয়।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে দলের ঘোষিত লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
নতুন নেতৃত্বের মাধ্যমে ইসলামী আন্দোলন ত্রিশাল উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং আগামী দিনে এ কমিটি দলকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করে তুলবে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সম্মেলনে উপস্থিত নেতাকর্মী ও সংশ্লিষ্টরা।
~ এম.এ.এইচ রাকিবুল ইসলাম
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
ত্রিশালে ইসলামী আন্দোলনের নতুন নেতৃত্বে জাহাঙ্গীর ও মাহফুজ
📷 ছবি: সংগৃহীত