নোবিপ্রবিতে মানসিক স্বাস্থ্য ও সুস্থতা বিষয়ক বিশেষ সেশন
মোহাম্মদ উল্যা
বিশেষ প্রতিনিধি:
কোম্পানীগঞ্জ, নোয়াখালী।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও সুস্থতা বিষয়ে সচেতনতা বাড়াতে বিশেষ সেশন ‘UNWIND with SHOJON’ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের Mental Health Society-এর উদ্যোগে এবং SHOJON (SAJIDA Foundation)-এর সহযোগিতায় সোমবার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) সেমিনার কক্ষে এ সেশন অনুষ্ঠিত হয়।
সেশনে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য, মানসিক চাপ মোকাবিলা, ব্যক্তিগত সুস্থতা এবং ইতিবাচক জীবনযাপন নিয়ে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় করা হয়। পাশাপাশি মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। তিনি বলেন, শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতার বিষয়টিও সমান গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। পড়াশোনা, পারিবারিক প্রত্যাশা, ভবিষ্যৎ ক্যারিয়ার ও ব্যক্তিগত সম্পর্কসহ নানা কারণে শিক্ষার্থীদের মধ্যে মানসিক চাপ তৈরি হতে পারে। এ ধরনের পরিস্থিতিতে সমস্যাগুলো নিজের মধ্যে চেপে না রেখে পরিবার, বন্ধু, শিক্ষক কিংবা প্রয়োজন অনুযায়ী পেশাদার পরামর্শদাতার সঙ্গে কথা বলা জরুরি।
তিনি আরও বলেন, মানসিক স্বাস্থ্য ও শারীরিক সুস্থতা পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। তাই শিক্ষার্থীদের নিয়মিত শারীরিক ব্যায়াম, পর্যাপ্ত ঘুম, সুষম খাদ্যাভ্যাস, সামাজিক যোগাযোগ এবং ইতিবাচক জীবনযাপনের প্রতি গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে বন্ধু, সহপাঠী ও স্বজনদের আচরণ বা মানসিক অবস্থায় অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় সহযোগিতা করা উচিত।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হাসান উদ্দীন।
এ ছাড়া উপস্থিত ছিলেন নোবিপ্রবি Mental Health Society-এর উপদেষ্টা ও ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল কাইয়ুম মাসুদ, ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শহীদ সরওয়ার, সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান শিফাত ই মান্নান এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক রুবাইয়ান আসিফ।
সেশনে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন SAJIDA Foundation-এর প্রিন্স সাহা সোহাগ, জয় শ্রী দেবী এবং SHOJON-এর কাউন্সেলর লাবণী আক্তার। তারা শিক্ষার্থীদের মানসিক চাপের কারণ, তা মোকাবিলার কার্যকর কৌশল, ব্যক্তিগত সুস্থতা বজায় রাখা এবং প্রয়োজনের সময় সহায়তা নেওয়ার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
সেশনে নোবিপ্রবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আলোচনার পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে মানসিক সুস্থতা সম্পর্কে ধারণা দেওয়া হয়। পরে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতন করে তোলা এবং প্রয়োজনের সময় সহায়তা গ্রহণে উৎসাহিত করার লক্ষ্যেই এ ধরনের কার্যক্রম আয়োজন করা হয়েছে।
নোবিপ্রবিতে মানসিক স্বাস্থ্য ও সুস্থতা বিষয়ক বিশেষ সেশন
📷 ছবি: সংগৃহীত