কোম্পানীগঞ্জে জিপিএ-৫ পাওয়া ১২০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
মোহাম্মদ উল্যা
বিশেষ প্রতিনিধি:
কোম্পানীগঞ্জ, নোয়াখালী।
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১২০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলার ২৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের এসব শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বসুরহাট বাজারের জিরো পয়েন্টসংলগ্ন নির্ঝর কনভেনশন হলে কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটির উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবিদুর রহমান। তিনি বলেন, মানুষের কাঙ্ক্ষিত পরিবর্তনের অন্যতম মাধ্যম শিক্ষা। তবে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই যথেষ্ট নয়; আচরণ, পরিশ্রম ও ধর্মীয় অনুশাসনের সমন্বয়ে শিক্ষার্থীদের নিজেদের গড়ে তুলতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য আনাস ইবনে মুনির বলেন, জীবনে পাওয়ার চেয়ে দেওয়ার আকাঙ্ক্ষা প্রবল হলে সাফল্য অর্থবহ হয়। শিক্ষার্থীদের সময়ের প্রতি যত্নবান হয়ে দিনের কাজ দিনে শেষ করার অভ্যাস গড়ে তুলতে হবে। পাশাপাশি সুন্দর ও মানবিক ব্যবহারের প্রতিও গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিগত জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, সাবেক কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াত আমীর ও বর্তমান নোয়াখালী জেলা মজলিশে শূরা সদস্য অধ্যক্ষ বেলায়েত হোসেন। তিনি বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ হওয়ার পাশাপাশি ন্যায়, নৈতিকতা, সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।
আরেক বিশেষ অতিথি বসুরহাট পৌরসভা জামায়াতের আমীর ও সম্ভাব্য মেয়র প্রার্থী মাওলানা মোশারফ হোসাইন বলেন, একবিংশ শতাব্দীর দাবি হলো—কথা কম, কাজ বেশি। শিক্ষার্থীদের কথায় নয়, কর্মে নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে হবে। জীবনে সফল হতে আল্লাহর ওপর বিশ্বাস রেখে বড় স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে কঠোর পরিশ্রম করতে হবে। একই সঙ্গে নৈতিক চরিত্র ও মূল্যবোধ জাগরণের বিষয়ে সচেতন থাকতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান জিলু। তিনি অনুষ্ঠানে উপস্থিত অতিথি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও উৎসাহব্যঞ্জক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, কৃতী শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক ব্যক্তিত্ব, গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষপর্বে জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। পাশাপাশি কৃতী শিক্ষার্থী উপহার দেওয়ায় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকেও সম্মাননা প্রদান করা হয়। পরে আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
কোম্পানীগঞ্জে জিপিএ-৫ পাওয়া ১২০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
📷 ছবি: সংগৃহীত