সারাদেশ

বিশ্বকাপ উপলক্ষে অনলাইন কুইজ উসামা টিভির আয়োজনে ক্রীড়াপ্রেমীদের মাঝে পুরস্কার বিতরণ

বিশ্বকাপ উপলক্ষে অনলাইন কুইজ উসামা টিভির আয়োজনে ক্রীড়াপ্রেমীদের মাঝে পুরস্কার বিতরণ
📷 ছবি: সংগৃহীত
বিশ্বকাপ উপলক্ষে অনলাইন কুইজ উসামা টিভির আয়োজনে ক্রীড়াপ্রেমীদের মাঝে পুরস্কার বিতরণ

মোহাম্মদ উল্যা

নোয়াখালী জেলা প্রতিনিধি:

খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এবং পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ লক্ষ্যকে সামনে রেখে ক্রীড়া ও জ্ঞানচর্চার সমন্বয়ে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে উসামা টিভি।

ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে উসামা টিভির আয়োজনে অনুষ্ঠিত অনলাইন কুইজ প্রতিযোগিতায় বিজয়ী কয়েকজন ক্রীড়াপ্রেমীর মাঝে গতকাল পুরস্কার বিতরণ করা হয়েছে।

আয়োজকদের মতে, ফুটবলকে কেন্দ্র করে তরুণদের মধ্যে ক্রীড়াজ্ঞান ও ইতিবাচক প্রতিযোগিতার মনোভাব তৈরি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। অনলাইনভিত্তিক এ কুইজে অংশগ্রহণের মাধ্যমে প্রতিযোগীদের মধ্যে বিশ্বকাপ ও ফুটবল সম্পর্কে জানার আগ্রহও তৈরি হয়েছে।

ব্যতিক্রমী এ আয়োজনের স্পন্সর ছিল উদয় এইড ফাউন্ডেশন। শিক্ষাবান্ধব এ প্রতিষ্ঠানটির উদ্যোগে পরিচালিত ‘উদয় মেধা বৃত্তি’ ইতোমধ্যে কোম্পানীগঞ্জসহ বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার একটি পরিচিত কর্মসূচি হিসেবে কার্যক্রম পরিচালনা করছে।

অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও উদয় এইড ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট মামুনুর রশীদ। অনিবার্য কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে না পারায় তাঁর পক্ষে সভাপতিত্ব ও বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করেন বামনী ডিগ্রী কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাং কামাল উদ্দীন ।

আয়োজকরা বলেন, শিক্ষা ও খেলাধুলা—দুই ক্ষেত্রেই তরুণদের সম্পৃক্ত করা গেলে তাদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও ইতিবাচক মানসিকতা গড়ে ওঠে। এ ধরনের উদ্যোগ তরুণদের সুস্থ বিনোদনের পাশাপাশি জ্ঞানচর্চায়ও উৎসাহিত করে।

উসামা টিভির এ আয়োজনকে স্বাগত জানিয়েছেন অংশগ্রহণকারী ও ক্রীড়াপ্রেমীরা। তারা মনে করেন, খেলাধুলাকে কেন্দ্র করে জ্ঞানভিত্তিক ও সৃজনশীল আয়োজন নিয়মিত হলে তরুণদের মধ্যে ক্রীড়াচর্চার আগ্রহ বাড়বে এবং সমাজে ইতিবাচক পরিবেশ তৈরিতে তা ভূমিকা রাখবে।

আয়োজক, স্পন্সর এবং প্রতিযোগিতায় বিজয়ীদের অভিনন্দন জানিয়ে সংশ্লিষ্টরা ভবিষ্যতেও এ ধরনের সৃজনশীল ও শিক্ষামূলক ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।