আঃ রাজ্জাক, গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধা সদর উপজেলার ৫ নম্বর বল্লমঝাড় ইউনিয়নের প্রাণকেন্দ্রে অবস্থিত রঘুনাথপুর এমএ উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল নিয়ে নানা প্রশ্ন ও অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের শিক্ষার মান, শিক্ষক-কর্মচারীদের দায়িত্ব পালন এবং প্রশাসনিক তদারকি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় রঘুনাথপুর এমএ উচ্চ বিদ্যালয় থেকে মোট ১১৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৪৬ জন, যা মোট পরীক্ষার্থীর তুলনায় প্রায় ৪০ দশমিক ৭ শতাংশ।
অভিযোগ রয়েছে, পাস করা ৪৬ জনের মধ্যে অন্য একটি প্রতিষ্ঠানের প্রায় ৩০ জন শিক্ষার্থী রঘুনাথপুর এমএ উচ্চ বিদ্যালয় থেকে রেজিস্ট্রেশন করে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ২৫ জন পাস করেছে, অর্থাৎ প্রায় ৮৩ দশমিক ৩ শতাংশ। স্থানীয়দের প্রশ্ন, অন্য প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীদের ফলাফলের সঙ্গে বিদ্যালয়ের নিজস্ব শিক্ষার্থীদের ফলাফলের এমন পার্থক্যের কারণ কী?
অন্যদিকে, একই এলাকার রঘুনাথপুর মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ৮৩ জন অংশ নিয়ে ৪২ জন পাস করেছে। বিদ্যালয়টির পাসের হার প্রায় ৫০ দশমিক ৬ শতাংশ।
স্থানীয়দের দাবি, বিদ্যালয়টিতে শিক্ষক-শিক্ষিকা, পিয়ন ও দপ্তরিসহ প্রায় ২৫ জন কর্মরত থাকলেও শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল না আসায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। সরকারি বেতন-ভাতা, বিদ্যালয়ের আয়-ব্যয় এবং শিক্ষা কার্যক্রমের স্বচ্ছতা নিয়েও তারা যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন।
এছাড়া বিদ্যালয়ের কয়েকজন দায়িত্বশীল ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত দায়িত্ব পালন না করা এবং কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ করেছেন স্থানীয়রা। বিদ্যালয়ের হেড ক্লার্ক মো. মনিরুজ্জামান শুভকে নিয়েও স্থানীয়দের পক্ষ থেকে গুরুতর কিছু অভিযোগ করা হয়েছে। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. লিচু মিয়ার বিরুদ্ধেও প্রতিদিন দুপুরের দিকে বিদ্যালয় থেকে চলে যাওয়ার অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, এসব কারণে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এলাকাবাসীর আরও অভিযোগ, বিষয়গুলো নিয়ে গাইবান্ধা সদর উপজেলা শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের একাধিকবার অবহিত করা হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বিদ্যালয়ের ফলাফল ও ব্যবস্থাপনা নিয়ে এলাকায় অসন্তোষ বাড়ছে।
তদন্তের দাবি এলাকাবাসীর
স্থানীয় অভিভাবক ও সচেতন নাগরিকদের দাবি, রঘুনাথপুর এমএ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ফলাফল, শিক্ষক-কর্মচারীদের উপস্থিতি, সরকারি বেতন-ভাতা, বিদ্যালয়ের আয়-ব্যয় এবং শিক্ষা কার্যক্রম নিয়ে নিরপেক্ষ তদন্ত করা হোক। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।
রঘুনাথপুর এমএ উচ্চ বিদ্যালয়ে এসএসসি ফল নিয়ে প্রশ্ন, অনিয়মের অভিযোগে এলাকাবাসীর ক্ষোভ
📷 ছবি: সংগৃহীত