সদর কোর্ট পরিদর্শনে গিয়ে কর্মকর্তাদের দিকনির্দেশনা দিলেন পুলিশ সুপার
গাইবান্ধা প্রতিনিধি,
গাইবান্ধা সদর কোর্টের বার্ষিক পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন। শনিবার (১২ সেপ্টেম্বর) তিনি সদর কোর্ট পরিদর্শন করে এর সার্বিক কার্যক্রম, দায়িত্ব পালন ব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন।
সদর কোর্টে পৌঁছালে কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ হিপজুল আলম মুন্সি পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে পুলিশ সুপার কোর্টের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় ডিউটি ব্যবস্থা, রেজিস্টারপত্র, মামলা-সংক্রান্ত নথিপত্র, মালখানা ও সংরক্ষিত মালামালসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় পর্যালোচনা করেন তিনি।
পরিদর্শনকালে সদর কোর্টে কর্মরত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন পুলিশ সুপার। এ সময় দায়িত্ব পালনে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠা বজায় রাখার পাশাপাশি জনসেবামূলক পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সৌজন্যপূর্ণ আচরণ এবং দ্রুত ও কার্যকর পুলিশি সেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ হিপজুল আলম মুন্সিসহ সদর কোর্টে কর্মরত অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সদর কোর্ট পরিদর্শনে গিয়ে কর্মকর্তাদের দিকনির্দেশনা দিলেন পুলিশ সুপার
📷 ছবি: সংগৃহীত