সারাদেশ

কালীগঞ্জে মাদক আত্মহত্যা বাল্যবিবাহ ও অনলাইন জুয়া প্রতিরোধে সচেতনমূলক সভা অনুষ্ঠিত

কালীগঞ্জে মাদক আত্মহত্যা বাল্যবিবাহ  ও অনলাইন জুয়া প্রতিরোধে সচেতনমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার ১ নং সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে মাদক, আত্মহত্যা, বাল্যবিবাহ, নারী নির্যাতন, যৌতুক ও অনলাইন জুয়া প্রতিরোধে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সমাজ থেকে এই সামাজিক ব্যাধিগুলো দূর করে একটি সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণের লক্ষ্যে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদ।
​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী জনাব রাশেদ খান। তিনি তাঁর বক্তব্যে বর্তমান সময়ের অন্যতম বড় অভিশাপ মাদক ও অনলাইন জুয়া থেকে যুবসমাজকে রক্ষা করার ওপর বিশেষ জোর দেন। এছাড়া বাল্যবিবাহ, নারী নির্যাতন ও যৌতুকের মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
​উপজেলা প্রশাসনের আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদকের গ্রাস ও অনলাইন জুয়ার আসক্তি থেকে বাঁচাতে পরিবার এবং সমাজকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। সেইসাথে বাল্যবিবাহ রোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
​অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত সকলে মিলে একটি মাদক ও অপরাধমুক্ত সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়ন গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

​