সারাদেশ

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত কর্মীকে স্থায়ী বহিষ্কার করেছে দলটি।

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত কর্মীকে স্থায়ী বহিষ্কার করেছে দলটি।
সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে যশোরের অভয়নগরে রফিকুল ইসলাম ভূঁইয়া নামে জামায়াতে ইসলামীর এক কর্মীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে দলটি। একই সঙ্গে তাঁকে সব ধরনের সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ৪ নভেম্বর বিকালে জামায়াতে ইসলামী অভয়নগর উপজেলা কর্মপরিষদ সদস্যদের মাসিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠন সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম ভূঁইয়া নওয়াপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জামায়াতের কর্মী। দীর্ঘদিন ধরে তিনি দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে তাঁকে আগেও মৌখিকভাবে সতর্ক করা হয়েছিল। তবে সতর্কবার্তা উপেক্ষা করে তিনি একই ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকেন। এ পরিস্থিতিতে উপজেলা কর্মপরিষ সদস্যদের মাসিক সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি জামায়াতে ইসলামীর কোনো পর্যায়ের নেতা-কর্মীকে বহিষ্কৃত রফিকুল ইসলাম ভূঁইয়ার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অভয়নগর উপজেলা জামায়াতের সেক্রেটারি এস এম মহিউল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।