সারাদেশ

কালীগঞ্জে, মাদক,আত্মহত্যা, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামুলক সভা।

কালীগঞ্জে, মাদক,আত্মহত্যা, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামুলক সভা।


ঝিনাইদহের কালীগঞ্জে মাদক, আত্মহত্যা, বাল্যবিবাহ, নারী নির্যাতন, যৌতুক ও অনলাইন জুয়া প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের ভাটপাড়া এলাকায় উপজেলা প্রশাসন, কালীগঞ্জ, ঝিনাইদহের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোঃ রাশেদ খান। তিনি বলেন, মাদক, অনলাইন জুয়া, বাল্যবিবাহ, নারী নির্যাতন ও যৌতুকের মতো সামাজিক ব্যাধি একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনের প্রধান অন্তরায়। এসব অপরাধ প্রতিরোধে শুধু প্রশাসনের ওপর নির্ভর করলে চলবে না; পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, বিশেষ করে তরুণ সমাজকে মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা থেকে রক্ষা করতে অভিভাবকদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আত্মহত্যা প্রতিরোধে হতাশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, তাদের মানসিক অবস্থা বোঝা এবং সহমর্মিতার সঙ্গে সহযোগিতা করাও অত্যন্ত জরুরি।

সভাপতির বক্তব্যে ইউএনও রেজওয়ানা নাহিদ বলেন, বাল্যবিবাহ, নারী নির্যাতন ও যৌতুকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোথাও বাল্যবিবাহের আয়োজন হলে কিংবা নারী নির্যাতনের ঘটনা ঘটলে দ্রুত প্রশাসনকে জানাতে হবে। মাদক ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, আত্মহত্যার প্রবণতা রোধে পরিবার ও সমাজের প্রত্যেককে সচেতন হতে হবে। সন্তানদের প্রতি অভিভাবকদের যত্নশীল হতে হবে এবং তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি নিরাপদ, সচেতন ও অপরাধমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুলফিকার আলী, বিএনপি নেতা তবিবুর রহমান মিমি, সাবেক চেয়ারম্যান ডা. নুরুল ইসলাম, জাহিদ জোয়ার্দ্দার, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সভায় অন্যান্য বক্তারাও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করা এবং সম্মিলিত উদ্যোগে অপরাধমুক্ত সমাজ গড়ে তোলার আহ্বান জানান।