বাংলাদেশ

অনৈতিক সম্পর্কের কথা জেনে যাওয়ায় গাড়িচালককে প্রলোভন দেন গাজী নজরুল

অনৈতিক সম্পর্কের কথা জেনে যাওয়ায় গাড়িচালককে প্রলোভন দেন গাজী নজরুল
📷 ছবি: সংগৃহীত
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতের বহিষ্কৃত নেতা গাজী নজরুল ইসলামের সঙ্গে এক তরুণীর অনৈতিক সম্পর্কের তথ্য জেনে যাওয়ায় অর্থ ও চাকরির প্রলোভন দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন তাঁর গাড়িচালক ওবায়দুর রহমান।

শনিবার সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে ওবায়দুর রহমান জানান, সাবেক এই এমপির আপত্তিকর ভিডিও এবং অনৈতিক সম্পর্কের বিষয়টি জানার পর তিনি প্রতিবাদ করেছিলেন। তখন তাঁকে অর্থ ও চাকরির প্রলোভন দেওয়া হয়। তবে তিনি তরুণীর নিরাপত্তা ও প্রমাণের স্বার্থে কিছুদিন কাজ চালিয়ে যান। পরবর্তীতে ১৩ জুলাই মগবাজারের একটি রেস্টহাউসের তথ্য সংগ্রহ শেষে খিলক্ষেত এলাকায় পৌঁছালে তরুণীর বাবা ও এক সহযোগী ওবায়দুরের ওপর অতর্কিত হামলা চালায় এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। পরে তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন।

তিনি আরও অভিযোগ করেন, হামলার ঘটনায় তিনি মামলা করলেও উল্টো গত ২ আগস্ট তাঁর বিরুদ্ধে নারী অপহরণ ও চাঁদা দাবির অভিযোগে মিথ্যা মামলা দায়ের করেন তরুণীর মা। বর্তমানে মামলাটি পিবিআইয়ের তদন্তাধীন। ওবায়দুর রহমানের দাবি, মামলা তুলে নিতে তাঁকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে, যার ফলে তাঁর পরিবার বাড়ি ছেড়ে অবস্থান করছে। নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে গত ২০ আগস্ট পল্লবী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জানিয়ে তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার ও নিজের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।