বাংলাদেশ

নোয়াখালীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

নোয়াখালীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
📷 ছবি: সংগৃহীত
নোয়াখালীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

সাক্ষরতার হার ৭৫.৫২ শতাংশ, প্রয়োগিক ও প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব

মোহাম্মদ উল্যা
বিশেষ প্রতিনিধি
কোম্পানীগঞ্জ, নোয়াখালী।

‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’,এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ পালিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জিনাত রেহানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আবুল কাশেম ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসরাত নাসিমা হাবীব।

সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, এনজিও প্রতিনিধি ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

আলোচনায় জানানো হয়, নোয়াখালীতে বর্তমানে সাক্ষরতার হার ৭৫ দশমিক ৫২ শতাংশ। এ হার আরও বাড়াতে সরকারি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

বক্তারা বলেন, সাক্ষরতা শুধু বর্ণমালা চেনা বা পড়তে-লিখতে পারার মধ্যে সীমাবদ্ধ নয়। বিদ্যালয়ের বাইরে থাকা ও ঝরে পড়া শিশু-কিশোর, প্রান্তিক জনগোষ্ঠী এবং শিক্ষাবঞ্চিত প্রাপ্তবয়স্কদের প্রায়োগিক সাক্ষরতা, প্রযুক্তিগত দক্ষতা ও প্রাক-বৃত্তিমূলক শিক্ষার আওতায় আনতে হবে।

তারা বলেন, টেকসই উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সাক্ষরতার পাশাপাশি জনগোষ্ঠীকে সময়োপযোগী দক্ষতায় দক্ষ করে তোলা জরুরি। এ লক্ষ্যে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা আরও বলেন, শিক্ষাবঞ্চিত জনগোষ্ঠীকে শিক্ষার মূলধারায় ফিরিয়ে এনে দক্ষ, সচেতন ও উৎপাদনশীল জনগোষ্ঠী গড়ে তোলার মাধ্যমে সমাজ ও দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।