যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সার্বিক সহযোগিতায় এবং 'জাস্ট স্পোর্টস ক্লাব' (JUST Sports Club)-এর উদ্যোগে ৩ মাসব্যাপী আত্মরক্ষামূলক মার্শাল আর্ট কোর্সের ৩য় ব্যাচের সমাপনী, ৪থ ব্যাচের বরণ
📷 ছবি: সংগৃহীত
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সার্বিক সহযোগিতায় এবং 'জাস্ট স্পোর্টস ক্লাব' (JUST Sports Club)-এর উদ্যোগে ৩ মাসব্যাপী আত্মরক্ষামূলক মার্শাল আর্ট কোর্সের ৩য় ব্যাচের সমাপনী, ৪থ ব্যাচের বরণ এবং বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
যবিপ্রবি প্রতিনিধি (৮ সেপ্টেম্বর ২০২৬): সুবর্ণা বেগম
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম একাডেমি ভবনের কেন্দ্রীয় গ্যালারিতে উৎসবমুখর পরিবেশে এ বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. ইয়ারুল কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।
জাতীয় সংগীত পরিবেশন, পবিত্র কুরআন তিলওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানে মার্শাল আর্ট কোর্সের ৩য় ব্যাচের সম্পন্নকারীদের মাঝে সনদ বিতরণ এবং ৪থ ব্যাচের নবীনদের বরণ করে নেওয়া হয়। পাশাপাশি রেগুলার ব্যাচের শিশুদের বেল্ট ও ব্ল্যাকবেল্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরব বয়ে আনা ২ জন কৃতি শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়, যারা সম্প্রতি অনুষ্ঠিত 'সিলেট উশু চ্যাম্পিয়নশিপ'-এ রৌপ্য পদক অর্জন করেছিলেন।
জাস্ট স্পোর্টস ক্লাবের বিশেষ আমন্ত্রণে অনুষ্ঠানে যবিপ্রবি প্রেসক্লাবের প্রতিনিধিত্ব করেন সংগঠনের আমন্ত্রিত নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রশিক্ষণার্থীদের পরিবেশনায় রোমাঞ্চকর মার্শাল আর্ট প্রদর্শনী। এতে খালি হাতে আত্মরক্ষা, লাঠি ও তলোয়ার খেলা, শিশুদের তাই-চি প্রদর্শন এবং কিক দিয়ে উইকেট ভাঙার কৌশল প্রদর্শন করা হয়। সবশেষে অতিথিবৃন্দের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।