কোম্পানীগঞ্জে সাবেক শিবির জেলা সভাপতির জানাজায় মানুষের ঢল, পারিবারিক কবরস্থানে দাফন
মোহাম্মদ উল্যা
বিশেষ প্রতিনিধি:
কোম্পানীগঞ্জ, নোয়াখালী।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ২ নম্বর চরপার্বতী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মিয়াজীপাড়া নিবাসী এবং বৃহত্তর নোয়াখালী জেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মনিরুল ইসলাম বকুল (৫৪) ইন্তেকাল করেছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ৮টা ৩৮ মিনিটে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুম মনিরুল ইসলাম বকুল ছাত্রজীবন থেকেই ইসলামী ছাত্ররাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক, আর্থ-সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। তাঁর মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়লে নিজ এলাকা মিয়াজীপাড়াসহ চরপার্বতী ইউনিয়নে শোকের ছায়া নেমে আসে।
মরহুমের প্রথম জানাজার নামাজ সোমবার রাত ১১টায় ঢাকার কাকরাইলে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা মঙ্গলবার কোম্পানীগঞ্জ উপজেলা চত্বরে এবং সর্বশেষ তৃতীয় জানাজা মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় চরপার্বতীর কদমতলার দক্ষিণে ৯ নম্বর ওয়ার্ডের মিয়াজীপাড়ায় নিজ বাড়ির দরজায় রহমানিয়া মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়।
সর্বশেষ জানাজায় ইউপি, উপজেলা, জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের ইসলামী ছাত্রশিবির ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। জানাজা ও দোয়া অনুষ্ঠানে বক্তারা মরহুমের দীর্ঘ কর্মজীবন ও সামাজিক কর্মকাণ্ডের কথা স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।
বক্তারা বলেন, মনিরুল ইসলাম বকুল ছিলেন একজন দ্বীনি ও সমাজসচেতন ব্যক্তি। তাঁর হাত ধরে গড়ে ওঠা অনেক কর্মী পরবর্তীতে জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের উপজেলা, জেলা ও কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব পালন করছেন। তাঁর মৃত্যুতে সংগঠন ও স্থানীয় সমাজে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত ও জান্নাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ সময় শোকাহত স্বজন, সহকর্মী ও মুসল্লিদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
মরহুম মনিরুল ইসলাম বকুল পাঁচ কন্যা ও তিন পুত্র সন্তানের জনক ছিলেন। জানাজায় বক্তারা তাঁর সন্তানদের সুন্দর ও কল্যাণময় ভবিষ্যতের জন্যও সবার কাছে দোয়া কামনা করেন।
পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দাফন সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে চিরবিদায় নেন মনিরুল ইসলাম বকুল। তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের আবহ বিরাজ করছে।
কোম্পানীগঞ্জে সাবেক শিবির জেলা সভাপতির জানাজায় মানুষের ঢল, পারিবারিক কবরস্থানে দাফন
📷 ছবি: সংগৃহীত