সারাদেশ

সোনারগাঁও দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে শতাধিক হাঁস চুরির অভিযোগ

সোনারগাঁও দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে শতাধিক হাঁস চুরির অভিযোগ
📷 ছবি: সংগৃহীত
সোনারগাঁও দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে শতাধিক হাঁস চুরির অভিযোগ

স্টাফ রিপোর্টার, সোনারগাঁও (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি হাঁসের খামার থেকে শতাধিক বিভিন্ন প্রজাতির হাঁস চুরির অভিযোগ উঠেছে। উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ার চর এলাকায় আল মোস্তফা এগ্রো হাঁসের ফার্মে এ চুরির ঘটনা ঘটে।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে কোন এক সময় খামারের লোকজন হাঁসের সংখ্যা কম দেখতে পেয়ে বিষয়টি টের পান। পরে আশপাশে খোঁজ নিয়ে তারা জানতে পারেন, রাতের কোনো একসময় খামারে ঢুকে শতাধিক হাঁস নিয়ে গেছে দুর্বৃত্তরা।

আল মোস্তফা এগ্রো হাঁসের ফার্মের ম্যানেজার ইমরান হোসেন জানান, দীর্ঘদিন ধরে ওই খামারে রাজহাঁস, চিনা হাঁসসহ বিভিন্ন প্রজাতির দেশীয় হাঁস পালন করা হচ্ছে। হঠাৎ করে এতগুলো হাঁস চুরি হয়ে যাওয়ায় তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

ইমরান হোসেনের অভিযোগ, রাতের অন্ধকারে সংঘবদ্ধ চোরের দল খামারে ঢুকে হাঁসগুলো নিয়ে গেছে। চুরি যাওয়া হাঁস উদ্ধারের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

তবে এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, ‘হাঁস চুরির ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’