বাংলাদেশ

ত্রিশালে গ্যাসের দাবিতে মহাসড়ক অবরোধ সিএনজি চালকদের, ভোগান্তিতে যাত্রীরা

ত্রিশালে গ্যাসের দাবিতে মহাসড়ক অবরোধ সিএনজি চালকদের, ভোগান্তিতে যাত্রীরা
📷 ছবি: সংগৃহীত

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:

গ্যাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, এরপরও মিলছে না পর্যাপ্ত গ্যাস। স্টেশনে পাওয়া নামমাত্র গ্যাসে ‘এক-দুই টিপ’ দেওয়ার পরই শেষ হয়ে যাচ্ছে, এমন অভিযোগ তুলে নিরবচ্ছিন্ন ও পর্যাপ্ত গ্যাস সরবরাহের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকেরা।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাকচর রোডের মাথায় গাড়ি থামিয়ে এ অবরোধ করেন চালকেরা। এতে মহাসড়কের পূর্ব পাশে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। আটকা পড়ে বিভিন্ন ধরনের যানবাহন। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীসহ সাধারণ মানুষ।

অবরোধকারী চালকদের ভাষ্য, সিএনজি স্টেশনগুলোতে গ্যাস নিতে তাদের দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করতে হচ্ছে। অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করার পরও প্রয়োজন অনুযায়ী গ্যাস পাওয়া যাচ্ছে না। অল্প পরিমাণ গ্যাস নিয়ে রাস্তায় নামার পর কিছু দূর যেতেই গাড়ির গ্যাস শেষ হয়ে যাচ্ছে।

চালকেরা বলেন, গ্যাসের সংকটের কারণে প্রতিদিনের কর্মঘণ্টার বড় একটি অংশ স্টেশনের লাইনে কেটে যাচ্ছে। ফলে একদিকে যেমন যাত্রী পরিবহন ব্যাহত হচ্ছে, অন্যদিকে কমে যাচ্ছে তাদের আয়-রোজগার। গ্যাসের অভাবে নির্ধারিত গন্তব্যে যেতে না পারায় যাত্রীদের সঙ্গেও চালকদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে।

একজন সিএনজিচালক বলেন, ‘ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে গ্যাস নিতে হয়। এত অপেক্ষার পরও পর্যাপ্ত গ্যাস পাওয়া যায় না। গাড়িতে নামমাত্র গ্যাস নিয়ে রাস্তায় বের হলে এক-দুই টিপ দিতেই শেষ হয়ে যায়। এভাবে গাড়ি চালিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।’
চালকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে গ্যাস সরবরাহে এ ধরনের সমস্যা থাকলেও স্থায়ী কোনো সমাধান হচ্ছে না। তারা দ্রুত সংকট নিরসন করে সিএনজি স্টেশনগুলোতে পর্যাপ্ত গ্যাস সরবরাহের দাবি জানান।

এদিকে সিএনজি চালকদের অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই পথে চলাচলকারী যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। পরে প্রায় আধা ঘণ্টা পর অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

চালকদের দাবি, জনসাধারণের দুর্ভোগ কমাতে এবং সিএনজি অটোরিকশা চলাচল স্বাভাবিক রাখতে দ্রুত গ্যাস সরবরাহের সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

~ এম.এ.এইচ রাকিবুল ইসলাম
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
০১৪০৩১৬৫৮৩৫