কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদীতে মো. শাহজাহান সিরাজী নামে পৌর বিএনপির এক নেতার ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিকুর রহমান বাদলসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
শাহজাহান সিরাজী কটিয়াদী পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। আজ সকালে কটিয়াদী পৌর বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকায় তিনি নির্যাতনের শিকার হয়েছেন। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর স্থানীয় কয়েকজন ছাত্রলীগ নেতাকে দিয়ে তার ওপর হামলা চালানো হয়।
লিখিত বক্তব্যে শাহজাহান সিরাজী বলেন, গত ২৩ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে তেলিচারা এলাকায় শফিকুর রহমান বাদলের বাড়িতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গোপন বৈঠক হচ্ছে—এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় ভোগপাড়ার টিটু নামের এক ছাত্রলীগ নেতাকে আটক করা হয়। তাকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করানোর জন্য বাদল তাকে সন্দেহ করেন বলে দাবি করেন শাহজাহান সিরাজী।
এর জেরে গত ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার কাহেতেরটেকী মোড়ে শফিকুর রহমান বাদলের নেতৃত্বে হাবিবুর রহমান সন্দেশ, এমদাদুল হক রাতুল, মো. নাসিম, আল আমিন, শামীমসহ ১০-১২ জন তার ওপর অতর্কিত হামলা চালান বলে অভিযোগ করেন তিনি।
শাহজাহান সিরাজীর অভিযোগ, হামলার সময় শফিকুর রহমান বাদল হেলমেট পরে ঘটনাটি পর্যবেক্ষণ করছিলেন। হামলাকারীরা তাকে দা দিয়ে মাথায় কোপ দিয়ে হত্যার চেষ্টা করে। আত্মরক্ষার্থে তিনি কাহেতেরটেকী মোড়ের একটি বাড়িতে আশ্রয় নিলেও হামলাকারীদের হাত থেকে রক্ষা পাননি বলে দাবি করেন।
তিনি আরও অভিযোগ করেন, দিনের বেলায় প্রকাশ্যে তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। এ ঘটনায় তিনি কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং কটিয়াদী-পাকুন্দিয়া আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দীনের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
শাহজাহান সিরাজী বলেন,আমি বিএনপির একজন কর্মী হিসেবে এ ঘটনার বিচার চাই এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’
এদিকে পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন ও সাধারণ সম্পাদক সাজেদুল রহমান সজল সরকার শাহজাহান সিরাজীর ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।তারা বলেন, হামলার সঙ্গে যারা জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে দলীয় কোনো ব্যক্তি জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাকেও আইনের আওতায় আনার দাবি জানান তারা।
ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত শফিকুর রহমান বাদল বলেন,আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সম্পর্ণ মিথ্যা ও বানোয়াট। ঘটনার সাথে আমি জড়িত না এবং সঠিক ভাবে তদন্ত করা হোক কেউ যদি বলে জড়িত আইনি ব্যবস্থা নেওয়া হোক । আর যদি না থাকি আমার বিরুদ্ধে যে অভিযোগ তুলেছে এর বিচার চাই।এটা তার পারিবারিক বিষয়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন বলেন,সন্ত্রাসীদের কোন দল নেই। আমার দলের হোক বা অন্য কোন দলের হোক আইনের আওতায় আনা উচিত।পৌর বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজির উপর দিনের দুপুরে সন্ত্রাসী হামলা হয়েছে তা আইনে আওতায় আনা হোক।সঠিক তদন্তের মাধ্যমে বিচার হোক এটাই আমরা চাই।
এ বিষয়ে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলামের কাছে পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজাহান সিরাজীর মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,‘‘অভিযোগের বিষয়টি এসপি ও এমপি স্যার অবগত আছেন। এ বিষয়ে তাদের কাছ থেকেই জানতে পারেন। আরও কিছু জানার থাকলে থানায় এসে জানতে পারেন।
মিয়া মোহাম্মদ সিদ্দিক
কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:
কটিয়াদীতে বিএনপি নেতার ওপর হামলাকারীদের বিচার দাবিতে সংবাদ সম্মেলন
📷 ছবি: সংগৃহীত