ছেলেকে থানায় দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, সন্ত্রাসবিরোধী মামলায় বাবা-ছেলে কারাগারে
মোহাম্মদ উউল্যা
বিশেষ প্রতিনিধি
কোম্পানীগঞ্জ, নোয়াখালী।
নোয়াখালীর সোনাইমুড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তারের পর থানায় তাকে দেখতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন তার বাবা আব্দুল মান্নান (৫৮)। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় বাবা-ছেলেকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
গ্রেপ্তার সাব্বির আহমদ (২১) চাষিরহাট ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং তার বাবা আব্দুল মান্নান চাষিরহাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সোনাইমুড়ী উপজেলায় আওয়ামী লীগের একটি মিছিলের ঘটনায় সাব্বির আহমদকে গ্রেপ্তার করে পুলিশ। ছেলের গ্রেপ্তারের খবর পেয়ে তাকে দেখতে থানায় যান আব্দুল মান্নান। সেখানে যাওয়ার পর তাকেও গ্রেপ্তার করা হয়।
পরে শুক্রবার দুপুরে বাবা-ছেলেকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, বাবা-ছেলের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তবে পরিবারের দাবি, আব্দুল মান্নান ও তার ছেলে সাব্বির আহমদের বিরুদ্ধে এর আগে কোনো মামলা ছিল না।
শনিবার (৩ অক্টোবর) সকালে ওসি মো. কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
ছেলেকে থানায় দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, সন্ত্রাসবিরোধী মামলায় বাবা-ছেলে কারাগারে
📷 ছবি: সংগৃহীত