সারাদেশ

সোনারগাঁওয়ে এলজিইডির উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করলেন জেলা নির্বাহী প্রকৌশলী

সোনারগাঁওয়ে এলজিইডির উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করলেন জেলা নির্বাহী প্রকৌশলী

স্টাফ রিপোর্টার: সোনারগাঁও ( নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয়ের কার্যক্রম, কর্মকর্তাদের হাজিরা এবং চলমান বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সরেজমিন পরিদর্শন করেছেন জেলা নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান। পরিদর্শনকালে তিনি উপজেলার সার্বিক অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন এবং কাজের সন্তোষ প্রকাশ করেন।
গত বুধবার সকালে তিনি সোনারগাঁও উপজেলা এলজিইডি কার্যালয়ে এসে পৌঁছালে উপজেলা প্রকৌশলী মো. সোহেল হোসেনের নেতৃত্বে প্রকৌশলী ও কর্মকর্তারা তাকে উষ্ণ ফুল দিয়ে বরণ করেন।পরিদর্শনের শুরুতে জেলা নির্বাহী প্রকৌশলী কার্যালয়ের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং কর্মকর্তাদের উপস্থিতি ও হাজিরা (অ্যাটেন্ডেন্স) খাতা নিবিড়ভাবে পরীক্ষা করেন। এ সময় দাপ্তরিক শৃঙ্খলা, সময়ানুবর্তিতা এবং সেবাগ্রহীতাদের সেবায় স্বচ্ছতা বজায় রাখতে তিনি কর্মকর্তাদের বেশ কিছু দিকনির্দেশনা প্রদান করেন।
অফিস পরিদর্শন শেষে তিনি সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে উপজেলার সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এরপর তিনি উপজেলা প্রকৌশলীকে সঙ্গে নিয়ে এলজিইডির বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে বের হন।
পরিদর্শনকালে তিনি জনগুরুত্বপূর্ণ সোনারগাঁওয়ের পঞ্চমীঘাট এলাকা এবং শম্ভুপুরা ইউনিয়ন ও বন্দরের সংযোগস্থলসহ বহু কাঙ্ক্ষিত প্রস্তাবিত দৃষ্টিনন্দন ব্রিজটির নির্ধারিত স্থান ঘুরে দেখেন এবং এর সম্ভাব্যতা যাছাই করেন।
পরিদর্শন শেষে সন্তুষ্টি প্রকাশ করে জেলা নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান বলেন, সোনারগাঁওয়ে এলজিইডির অধীনে চলমান উন্নয়ন কাজগুলোর গুণগত মান ও গতিশীলতা সত্যিই প্রশংসনীয়। কর্মকর্তাদের উপস্থিতি এবং দাপ্তরিক শৃঙ্খলা দেখে আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। নির্ধারিত সময়ের মধ্যে স্বচ্ছতা ও সততার সঙ্গে প্রতিটি প্রকল্পের কাজ শেষ করতে হবে। সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার যেসব মেগা ও স্থানীয় প্রকল্প হাতে নিয়েছে, তা বাস্তবায়নে আমাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া চলবে না।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা সহকারী প্রকৌশলী আবদুল্লাহ মো. তাহের, উপজেলা উপসহকারী প্রকৌশলী জাহিদুল আলম তালুকদারসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ।