সারাদেশ

বাগেরহাটে ৬ বছরের শিশুকে হত্যা, সন্দেহভাজনের বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা

বাগেরহাটে ৬ বছরের শিশুকে হত্যা, সন্দেহভাজনের বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা
📷 ছবি: সংগৃহীত
বাগেরহাটে ৬ বছরের শিশুকে হত্যা, সন্দেহভাজনের বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা

মো: আল-মাহফুজ শাওন, খুলনা:

বাগেরহাটের মোল্লাহাটে মুসলিমা নামে ৬ বছরের এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা এক সন্দেহভাজনের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের সঙ্গে উত্তেজিত জনতার ধাক্কাধাক্কি ও হামলার ঘটনা ঘটে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কোদালিয়া ইউনিয়নের কচুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুসলিমা ওই গ্রামের ইসলাম শেখের মেয়ে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে মুসলিমা ও অপর এক শিশু পাশের বাড়ির একটি পানবরজের কাছে খেলতে যায়। সন্ধ্যার পর মুসলিমাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পানবরজের পাড়ে পলিথিনে মোড়ানো অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পান তারা।

খবর পেয়ে মোল্লাহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে জাহাঙ্গীর নামে এক সন্দেহভাজনের বাড়িতে বিক্ষুব্ধ জনতা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের ওপরও হামলার ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন, ছয় বছরের শিশু মুসলিমাকে গলা কেটে হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।