বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এ অংশ নিয়েছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। তিন দিনব্যাপী এ মেলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গবেষকদের চারটি নির্বাচিত উদ্ভাবনী গবেষণা প্রকল্প প্রদর্শন করা হচ্ছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর নভোথিয়েটারে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়। মেলা চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত।
মেলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও গবেষকদের নির্বাচিত চারটি প্রকল্প হলো- ‘Silicon based perovskite solar cells’, ‘Agritrace BD’, ‘Carbon Setu’ এবং ‘Deshguard AI’।
উদ্বোধনী অনুষ্ঠানে বেরোবি উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী অংশগ্রহণ করেন। এ সময় তিনি মেলায় প্রদর্শিত শিক্ষার্থী ও গবেষকদের প্রকল্পগুলো পরিদর্শন করেন।
এছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. এমদাদুল হক এবং পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. কামরুজ্জামান উপস্থিত ছিলেন।
এ বিষয়ে বেরোবির রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও বিশ্ববিদ্যালয়ের অন্যতম গবেষক অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণার সঙ্গে ইন্ডাস্ট্রির কোন সমন্বয় নাই । বর্তমান প্রধানমন্ত্রী এই বিষয়টা সমন্বয় করার চেষ্টা করতেছেন। আর এটা সমন্বয় হলে বাংলাদেশে গবেষণার বিশাল একটা পরিবর্তন হবে। এই একটা সমন্বয়হীনতার কারণে বাংলাদেশের সমসাময়িক দেশগুলো বাংলাদেশ থেকে এগিয়ে গেছে, যেটা বাংলাদেশ করতে পারে নাই ।
উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, “আমাদের শিক্ষক ও শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সবসময় বদ্ধপরিকর। ল্যাবরেটরির নতুন নতুন আবিষ্কার যখন বাণিজ্যিক বাজারে জায়গা পাবে, তখনই দেশের সার্বিক অর্থনৈতিক ও প্রযুক্তিগত সমৃদ্ধি ত্বরান্বিত হবে। এই ইনোভেশন ফেয়ার আমাদের তরুণ গবেষকদের জন্য নতুন সম্ভাবনা ও নেটওয়ার্ক তৈরির অনন্য সুযোগ।
জাতীয় ইনোভেশন ফেয়ারে বেরোবির চার উদ্ভাবনী গবেষণা প্রকল্প
📷 ছবি: সংগৃহীত