শিক্ষা

সেনবাগে আবারও বসছে ‘মেধা উৎসব ২০২৬’

সেনবাগে আবারও বসছে ‘মেধা উৎসব ২০২৬’
📷 ছবি: সংগৃহীত
সেনবাগে আবারও বসছে ‘মেধা উৎসব ২০২৬’

মেধাবী শিক্ষার্থীর পাশাপাশি সেরা শিক্ষা প্রতিষ্ঠানও পাবে সম্মাননা

মোহাম্মদ উল্যা বিশেষ প্রতিনিধি:
কোম্পানীগঞ্জ, নোয়াখালী।

মেধাবী শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি, তাদের উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ জীবনে বড় স্বপ্ন দেখতে উৎসাহিত করা এবং শিক্ষাঙ্গনে ইতিবাচক প্রতিযোগিতার পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে নোয়াখালীর সেনবাগে আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মেধা উৎসব ২০২৬’। সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এবারের অনুষ্ঠানে শিক্ষার্থীদের ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের সম্মিলিত অর্জনকেও বিশেষভাবে স্বীকৃতি দেওয়া হবে।

গত বছর প্রথমবারের মতো আয়োজিত ‘মেধা উৎসব’ সেনবাগের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও শিক্ষানুরাগীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। মেধাবী শিক্ষার্থীদের সাফল্যকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের আরও ভালো ফলাফল ও ভবিষ্যৎ শিক্ষাজীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগানোই ছিল ওই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। সেই ধারাবাহিকতায় এবার আরও বিস্তৃত পরিসরে আয়োজন করা হচ্ছে ‘মেধা উৎসব ২০২৬’।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা-২০২৬-এ সেনবাগের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে গড় সর্বোচ্চ নম্বর অর্জনকারী একজন ছাত্র ও একজন ছাত্রীকে মেধার বিশেষ স্বীকৃতি হিসেবে ‘গোল্ড মেডেল’ প্রদান করা হবে।

এবারের আয়োজনে ব্যক্তিগত মেধার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের সামগ্রিক ফলাফলকেও গুরুত্ব দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সর্বোচ্চ পাশের হার অর্জনকারী একটি শিক্ষা প্রতিষ্ঠান এবং সর্বোচ্চ সংখ্যক এ-প্লাস (A+) অর্জনকারী একটি শিক্ষা প্রতিষ্ঠানকে বিশেষ পুরস্কারের মাধ্যমে সম্মানিত করা হবে।

আয়োজকদের মতে, ভালো ফলাফলের জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং ভালো ফলাফল অর্জনের ক্ষেত্রে একটি সুস্থ ও ইতিবাচক প্রতিযোগিতার পরিবেশ তৈরি করাও এ আয়োজনের অন্যতম লক্ষ্য। মেধাবী শিক্ষার্থীদের যথাযথ স্বীকৃতি তাদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফলের জন্য অনুপ্রাণিত করবে।

শুধু পুরস্কার ও সম্মাননা প্রদানেই সীমাবদ্ধ থাকছে না এবারের আয়োজন। অনুষ্ঠানকে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও অতিথিদের জন্য আরও আনন্দমুখর করতে থাকছে মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন।

সৈয়দ হারুন ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মেধাকে উৎসাহিত করা, সাফল্যকে মর্যাদা দেওয়া এবং শিক্ষাঙ্গনে ইতিবাচক প্রতিযোগিতার সংস্কৃতি গড়ে তোলাই ‘মেধা উৎসব’-এর মূল উদ্দেশ্য। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের অর্জনকে স্বীকৃতি দেওয়ার ফলে এবারের আয়োজন আরও অর্থবহ ও বিস্তৃত হবে বলে তারা আশা করছেন।

শিক্ষাসংশ্লিষ্টদের মতে, শুধু পরীক্ষার ফলাফল প্রকাশের মধ্যে শিক্ষার্থীদের সাফল্য সীমাবদ্ধ না রেখে তাদের মেধা ও অর্জনকে সামাজিকভাবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ শিক্ষাক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভালো ফলাফল ও শিক্ষার মানোন্নয়নে সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরি হলে এর সুফল দীর্ঘমেয়াদে শিক্ষার্থীরাই ভোগ করবে।

সেনবাগে মেধা ও শিক্ষাগত সাফল্যের এই উদযাপন ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজনের মাধ্যমে অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন আয়োজকরা।