সারাদেশ

গাইবান্ধায় সাইবার বুলিং ও অপতথ্য প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন: সত্য যাচাই ও দায়িত্বশীল আচরণের আহ্বান

গাইবান্ধায় সাইবার বুলিং ও অপতথ্য প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন: সত্য যাচাই ও দায়িত্বশীল আচরণের আহ্বান
📷 ছবি: সংগৃহীত
গাইবান্ধায় সাইবার বুলিং ও অপতথ্য প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন: সত্য যাচাই ও দায়িত্বশীল আচরণের আহ্বান


​গাইবান্ধা প্রতিনিধি:



ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার বুলিং, গুজব ও অপতথ্যের ক্ষতিকর প্রভাব থেকে তরুণ প্রজন্মকে মুক্ত রাখতে এবং তাদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় গাইবান্ধায় অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইন।
​বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় জেলা শহরের বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এবং গাইবান্ধা পৌরসভার বাস্তবায়নে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মো. মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. জসিম উদ্দীন এবং ডা. মো. রফিকুজ্জামান। ক্যাম্পেইনে মূল আলোচক হিসেবে সাইবার নিরাপত্তার বিভিন্ন দিক তুলে ধরেন প্রযুক্তি ও মনোসামাজিক বিশেষজ্ঞ জেরিন হান্নান।
​প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান বলেন, “ডিজিটাল প্রযুক্তির প্রসারের সঙ্গে সঙ্গে তরুণদের ভার্চুয়াল নিরাপত্তা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গুজবের বিস্তার শুধু একজন ব্যক্তির সুনাম ক্ষুণ্ণ করে না, তা সামাজিক সম্প্রীতি ও রাষ্ট্রীয় স্থিতিশীলতাকেও হুমকির মুখে ফেলে। তাই সাইবার জগতকে নিরাপদ রাখতে তরুণদের সচেতন ও সতর্ক হতে হবে।”
​পুলিশ সুপার মো. জসিম উদ্দীন সাইবার অপরাধের আইনি দিক তুলে ধরে বলেন, অনলাইন মাধ্যমে কাউকে হেয় করা বা সত্যতা ছাড়া স্পর্শকাতর তথ্য ছড়ানো শাস্তিযোগ্য অপরাধ। যেকোনো তথ্য দেখলেই যাচাই ছাড়া শেয়ার করা থেকে বিরত থাকতে হবে।
​ক্যাম্পেইনে প্রধান আলোচক জেরিন হান্নান সাইবার বুলিংয়ের শিকার হলে আইনি ও প্রাতিষ্ঠানিক সহায়তা পাওয়ার উপায়, অনলাইন তথ্যের উৎস যাচাইকরণ (ফ্যাক্ট-চেক) এবং ডিজিটাল মাধ্যমে বিচরণের সময় মানসিক চাপ এড়ানোর কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এ সময় ​বক্তারা আরো আহ্বান জানান,গুজব রুখতে ‘আগে যাচাই, পরে শেয়ার’ নীতি মেনে চলতে হবে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণের মাধ্যমে সুস্থ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে হবে।

​কর্মশালায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সাইবার নিরাপত্তা ও ফ্যাক্ট-চেকিং সম্পর্কিত নির্দেশনামূলক পুস্তিকা বিতরণ করা হয়।




গাইবান্ধা জেলা প্রতিনিধি