সারাদেশ

ফিডের দামে দিশেহারা, ব্যাপক লোকসানে বন্ধ হয়ে যাচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার

ফিডের দামে দিশেহারা, ব্যাপক লোকসানে বন্ধ হয়ে যাচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার
📷 ছবি: সংগৃহীত
ফিডের দামে দিশেহারা, ব্যাপক লোকসানে বন্ধ হয়ে যাচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি, এম.এ.এইচ রাকিবুল ইসলাম :

পোল্ট্রি ফিডের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে উৎপাদন খরচ। বিপরীতে ডিম ও মুরগির ন্যায্য বাজারমূল্য না পাওয়ায় লোকসানের বোঝা টানতে টানতে অস্তিত্ব সংকটে পড়েছেন ময়মনসিংহের ত্রিশালের শতাধিক প্রান্তিক খামারি। খামার টিকিয়ে রাখাই যেখানে কঠিন হয়ে পড়েছে, সেখানে ফিডের দাম কমানো, কাঁচামাল আমদানিতে শুল্ক হ্রাস এবং উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে ডিম-মুরগির ন্যায্য দাম নিশ্চিত করার দাবিতে রাজপথে নেমেছেন তারা।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় ‘ত্রিশালের সর্বস্তরের প্রান্তিক খামারিবৃন্দ’-এর ব্যানারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাসস্ট্যান্ডসংলগ্ন শাহজালাল হোটেলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ত্রিশালের বিভিন্ন এলাকার শতাধিক প্রান্তিক খামারি ও পোল্ট্রি ব্যবসায়ী অংশ নেন।

মানববন্ধনে খামারিরা বলেন, ফিডের দাম ক্রমাগত বাড়লেও ডিম ও মুরগি বিক্রি করে উৎপাদন খরচ তুলতে পারছেন না তারা। ফলে প্রতিদিনই বাড়ছে লোকসান। দীর্ঘদিন এ পরিস্থিতি চলতে থাকায় অনেক খামারি ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হচ্ছেন।

মানববন্ধন থেকে ফিডের অযৌক্তিক মূল্যবৃদ্ধি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া ও বাজার মনিটরিং জোরদারের দাবি জানানো হয়। একই সঙ্গে ফিড তৈরির কাঁচামাল আমদানিতে বিদ্যমান শুল্ক কমিয়ে উৎপাদন ব্যয় কমানো এবং ডিম ও মুরগির উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে ন্যায্য বাজারমূল্য নিশ্চিত করার দাবি জানান খামারিরা।

বক্তারা বলেন, পোল্ট্রি খাত গ্রামীণ অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এ খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিপুলসংখ্যক মানুষ জড়িত। একই সঙ্গে দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণেও পোল্ট্রি শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু ফিডের উচ্চমূল্য ও বাজার ব্যবস্থাপনার নানা সমস্যায় ক্ষুদ্র ও প্রান্তিক খামারিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

তাদের অভিযোগ, উৎপাদন খরচ ও বাজারদরের মধ্যে সামঞ্জস্য না থাকায় খামার পরিচালনা দিন দিন কঠিন হয়ে পড়ছে। একদিকে ফিডসহ অন্যান্য উপকরণের দাম বাড়ছে, অন্যদিকে উৎপাদিত ডিম ও মুরগির কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় খামারিদের পুঁজি ক্ষয় হচ্ছে।

মানববন্ধনে বক্তব্য দেন: ফয়সল আহমেদ, নজরুল ইসলাম, ফয়জুর রহমান, মনিরুজ্জামান, আব্দুল গাফফার, অলহরি গ্রামের আব্দুস সামাদ,  আকরাম হোসেন,  রাশেদ, আবু সাঈদ, আব্দুল করিম ও তুহিনসহ আরও অনেকেই।
সমাবেশে বক্তারা বলেন, দ্রুত এ সংকটের সমাধান করা না হলে প্রান্তিক খামারিদের বড় একটি অংশ পোল্ট্রি ব্যবসা থেকে ছিটকে পড়তে পারেন। এতে স্থানীয় পর্যায়ে ডিম ও মুরগির উৎপাদনও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

মানববন্ধনে অংশ নেওয়া খামারিরা পোল্ট্রি ফিডের মূল্যবৃদ্ধির বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, কাঁচামাল আমদানিতে শুল্ক কমানো, বাজার মনিটরিং জোরদার এবং ডিম ও মুরগির ন্যায্য বাজারমূল্য নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

~ এম.এ.এইচ রাকিবুল ইসলাম
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি