সারাদেশ

নওগাঁর নিয়ামতপুরে দিনে-দুপুরে গরু চুরি--

নওগাঁর নিয়ামতপুরে দিনে-দুপুরে গরু চুরি--
📷 ছবি: সংগৃহীত
নওগাঁর নিয়ামতপুরে দিনে-দুপুরে গরু চুরি--
নওগাঁ প্রতিনিধি : মাহফুজ আহমেদ

নওগাঁর নিয়ামতপুরে স্থানীয় জনগণের সহায়তায় গরুচোর চক্রের সক্রিয় দুই সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি করা একটি গরু ও চোরাই কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) বিকেল আনুমানিক ৫টার দিকে নিয়ামতপুর থানাধীন ছাতরা বাজার এলাকার সাপ্তাহিক গরুর হাটে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, আন্তঃজেলা গরুচোর চক্রের কয়েকজন সক্রিয় সদস্য ছাতরা বাজারের সাপ্তাহিক গরুর হাট থেকে কৌশলে একটি গরু চুরি করে। পরে পূর্বনির্ধারিত একটি পিকআপ ভ্যানে করে গরুটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তারা।

এ সময় স্থানীয় জনগণ বিষয়টি টের পেয়ে পুলিশকে সহায়তা করলে নিয়ামতপুর থানা পুলিশ গরু ও পিকআপসহ দুইজনকে আটক করে।

গ্রেফতারকৃতরা হলেন— নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার মান্দারপাড়া গ্রামের মৃত কুদ্দুস মিয়ার ছেলে মো. জজ মিয়া (৫০) এবং ওরুন্দি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মো. রানা (৩১)।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে গ্রেফতারকৃতদের আন্তঃজেলা গরুচোর চক্রের সক্রিয় সদস্য বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে নিয়ামতপুর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

গরু চুরির সঙ্গে জড়িত চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানা গেছে।