সোনাইমুড়ী থানায় পুলিশ সুপারের বার্ষিক পরিদর্শন
মোহাম্মদ উল্যা
বিশেষ প্রতিনিধি:
কোম্পানীগঞ্জ, নোয়াখালী।
নোয়াখালীর সোনাইমুড়ী থানার সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ নিয়ন্ত্রণ কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) তিনি সোনাইমুড়ী থানায় এ বার্ষিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে পুলিশ সুপার থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপ, বিভিন্ন মামলার তদন্তের অগ্রগতি এবং সার্বিক প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।
পরিদর্শনের শুরুতে থানার অফিসার ইনচার্জ পুলিশ সুপারকে স্বাগত জানান। পরে তাঁকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করা হয়।
এ সময় পুলিশ সুপার থানার বিভিন্ন শাখা, সংরক্ষিত রেজিস্টার ও গুরুত্বপূর্ণ নথিপত্র পর্যালোচনা করেন। পাশাপাশি অস্ত্রাগার ও মালখানা পরিদর্শন করে সেখানে সংরক্ষিত অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন মালামালের রক্ষণাবেক্ষণ এবং সংশ্লিষ্ট রেজিস্টার যাচাই করেন।
পরিদর্শনকালে তিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা, শৃঙ্খলা, জবাবদিহিতা ও জনসেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন। জনগণের প্রত্যাশা অনুযায়ী আধুনিক, কার্যকর ও জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন।
পুলিশ সুপার মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ দমনে আরও সক্রিয় ও পেশাদার ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে অপরাধ নিয়ন্ত্রণ কার্যক্রমে নিবিড় তদারকি জোরদারের লক্ষ্যে সহকারী পুলিশ সুপার (চাটখিল সার্কেল) মনীষ দাশকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন সোনাইমুড়ী থানার পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
সোনাইমুড়ী থানায় পুলিশ সুপারের বার্ষিক পরিদর্শন
📷 ছবি: সংগৃহীত