জমি বিরোধে ছোট ভাইয়ের বসতঘরে হামলা-ভাঙচুর, গ্রামবাসীর হাতে আটক ৫
মোহাম্মদ উল্যা
বিশেষ প্রতিনিধি:
কোম্পানীগঞ্জ, নোয়াখালী।
নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের খাজুরিয়া গ্রামে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রবাসী ছোট ভাই মো. খালেকের বসতঘরে হামলা ও ব্যাপক ভাঙচুরের অভিযোগ উঠেছে তার আপন বড় ভাই মো. ফারুকের লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় গ্রামবাসী পাঁচজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, জায়গা-জমি নিয়ে বিরোধের জের ধরে একদল লোক আকস্মিকভাবে খালেকের বসতঘরে হামলা চালিয়ে বিভিন্ন মালামাল ভাঙচুর করে। হামলার খবর পেয়ে স্থানীয় গ্রামবাসী ঘটনাস্থলে ছুটে এসে পাঁচজনকে আটক করেন। পরে তাদের সেনবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক ব্যক্তিদের বয়স কিশোর থেকে তরুণ বলে জানা গেছে।
এ বিষয়ে রাত ১২টার দিকে সেনবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হযরত আলী মিলন জানান, ঘটনার ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আটক পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
জমি বিরোধে ছোট ভাইয়ের বসতঘরে হামলা-ভাঙচুর, গ্রামবাসীর হাতে আটক ৫
📷 ছবি: সংগৃহীত