রাজশাহীর কাশিয়াডাঙ্গায় এক ঘণ্টায় ৬০০ গাছের চারা রোপণ করলেন সাইফ রহমান
মাহফুজ আহমেদ মাল্টিমিডিয়া রিপোর্টার রাজশাহী
পরিবেশ রক্ষা, জলবায়ুর ভারসাম্য বজায় রাখা এবং রাজশাহী মহানগরীকে আরও সবুজ ও সুশীতল করে গড়ে তোলার লক্ষ্যে কাশিয়াডাঙ্গায় ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে এক ঘণ্টার মধ্যে একযোগে ৬০০টি গাছের চারা রোপণ করা হয়।
পরিবেশবান্ধব এই উদ্যোগটি বাস্তবায়িত হয়েছে তরুণ সমাজসেবী ও পরিবেশসচেতন ব্যক্তি সাইফ রহমানের বিশেষ উদ্যোগে এবং স্থানীয়দের সম্মিলিত অংশগ্রহণে। কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ পৃথিবী গড়ে তোলার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সাইফ রহমান বলেন, শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যা ও সুরক্ষা নিশ্চিত করাও অত্যন্ত জরুরি। গাছ বড় হয়ে উঠলেই এই উদ্যোগের প্রকৃত সফলতা আসবে।
স্থানীয়দের মতে, তরুণ প্রজন্মের এমন পরিবেশ সচেতনতা এবং মাঠপর্যায়ে সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত আশাব্যঞ্জক। রাজশাহীর পরিবেশ রক্ষা ও নগরীকে আরও সবুজ করে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আয়োজকরা সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো, প্রকৃতির যত্ন নেওয়া এবং পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।
রাজশাহীর কাশিয়াডাঙ্গায় এক ঘণ্টায় ৬০০ গাছের চারা রোপণ করলেন সাইফ রহমান
📷 ছবি: সংগৃহীত