মৎসসম্পদ বৃদ্ধিতে নোয়াখালী'র ৩৫ জলাশয়ে পোনা অবমুক্ত
মোহাম্মদ উল্যা
বিশেষ প্রতিনিধি
কোম্পানীগঞ্জ, নোয়াখালী।
নোয়াখালী সদর উপজেলায় মৎস্য সম্পদ বৃদ্ধি, দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে ৩৫টি জলাশয়ে ২৫০ কেজি কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ২০২৬-২০২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় এ পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির আওতায় সদর উপজেলার ৩৪টি সরকারি-বেসরকারি প্রাতিষ্ঠানিক জলাশয় এবং একটি উন্মুক্ত জলাশয়ে মোট ২৫০ কেজি কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।
পোনা অবমুক্তকালে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা হারুন অর রশিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোমায়রা ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মানস মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোশরেফুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাসলীমা ফেরদৌসীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
নোয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, মৎস্য সম্পদ বৃদ্ধি, দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সাধারণ মানুষের জন্য মাছের সহজলভ্যতা বাড়াতে প্রতিবছর সরকারি উদ্যোগে বিভিন্ন জলাশয়ে পোনা অবমুক্ত করা হয়।
তিনি বলেন, শুধু পোনা অবমুক্ত করলেই হবে না; জলাশয়ে মাছের নিরাপদ প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতে জনসচেতনতা বাড়ানো জরুরি। একই সঙ্গে অবৈধভাবে মাছ ধরা ও পোনা নিধন বন্ধে স্থানীয় জনগণের সহযোগিতা প্রয়োজন।
মৎস্য বিভাগের সংশ্লিষ্টরা জানান, জলাশয়ে অবমুক্ত করা পোনাগুলো যাতে নির্বিঘ্নে বেড়ে উঠতে পারে, সে জন্য মাছের প্রজনন মৌসুমে নিষিদ্ধ পদ্ধতিতে মাছ ধরা থেকে বিরত থাকা এবং জলাশয়ের পরিবেশ সুরক্ষায় স্থানীয়দের দায়িত্বশীল ভূমিকা রাখা প্রয়োজন
মৎসসম্পদ বৃদ্ধিতে নোয়াখালী'র ৩৫ জলাশয়ে পোনা অবমুক্ত
📷 ছবি: সংগৃহীত