স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের
মিরপুরের রাড্ডা মা ও শিশু সেন্টারে হামলা-ভাঙচুর, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর এবং সারা দেশে অব্যাহত চাঁদাবাজি ও দখলদারির ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রীকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ বলে দাবি করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে পদে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি কিংবা এসব সংকটের স্থায়ী সমাধান করা কোনোভাবেই সম্ভব নয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর বাংলা মটরে এনসিপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সরকারের প্রস্তাবিত সংবিধান সংশোধনী কমিটি, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাতিসংঘ সফর এবং স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে এনসিপির অবস্থান তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রীর নানা বক্তব্যের কড়া সমালোচনা করে নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকার অপরাধ নিয়ন্ত্রণের চেয়ে ভিক্টিম ব্লেমিংয়ে বেশি ব্যস্ত। সংবিধানের মৌলিক সংস্কারের জায়গায় গণভোটের অহেতুক প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী মূলত সময়ক্ষেপণ ও নাটক করছেন বলে তিনি মন্তব্য করেন এবং অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের বৈঠক ডাকার জোর দাবি জানান।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে এনসিপি আহ্বায়ক বলেন, সেই ভাষণে দেশের সাধারণ জনগণের আশা-আকাঙ্ক্ষা কিংবা ‘জুলাই চেতনা’র কোনো প্রতিফলন ঘটেনি। জ্বালানি ও অর্থনৈতিক সংকট, আন্তর্জাতিক ষড়যন্ত্র কিংবা গণহত্যার বিচারের মতো মৌলিক ইস্যুগুলো তুলে না ধরে কেবল দলীয় এজেন্ডাকে প্রাধান্য দেওয়া হয়েছে। সরকারের প্রতিটি প্রতিশ্রুতিই অল্প সময়ের ব্যবধানে মিথ্যা প্রমাণিত হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানান, যথাসময়ে ও দ্রুততার সঙ্গে নির্বাচন আয়োজন করতে হবে। তবে নির্বাচনে যদি কোনো ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা অনিয়মের পাঁয়তারা দেখা যায়, তাহলে এনসিপি রাজপথে নীরব ভূমিকা পালন করবে না। একই সঙ্গে তিনি বিগত সরকারের আমলে ভেরিফিকেশন ও ভাইবার নামে দলীয়করণের যে সংস্কৃতি ছিল, তা বর্তমান প্রশাসনের অধীনেও ভিন্ন আঙ্গিকে রূপ নিচ্ছে বলে অভিযোগ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের
📷 ছবি: সংগৃহীত