আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর কোনো পরমাণু অস্ত্র ব্যবহার করে, তবে ইরানও সমপরিমাণ ও একইভাবে তার জবাব দেবে বলে সতর্ক করেছেন দেশটির এক জ্যেষ্ঠ আইনপ্রণেতা। বুধবার ইরানি সংবাদমাধ্যম 'খবর অনলাইন'-কে দেওয়া সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।
ইরানের জাতীয় সংসদীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির সদস্য ফাদা হোসেন মালেকি সাক্ষাৎকারে জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো হঠকারী পদক্ষেপ নিতে পারেন এমন আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তবে এর পরিণতি পুরো বিশ্বকে এক ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে বলে তিনি মনে করেন।
মালেকি স্পষ্ট করে বলেন, ওয়াশিংটন যে ধরনের অস্ত্র প্রয়োগ করবে, তেহরানের প্রতিক্রিয়াও হবে ঠিক সেই অনুপাতে। তবে ইরানের কাছে বর্তমানে পারমাণবিক অস্ত্র সংরক্ষিত রয়েছে কি না সে বিষয়ে তিনি সরাসরি কোনো মন্তব্য করেননি।
সামরিক শক্তি প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, দেশের অনেক কৌশলগত অস্ত্র ও সামরিক সক্ষমতা এখনও গোপন রাখা হয়েছে এবং ইরান এখন কেবল আত্মরক্ষামূলক অবস্থানে সীমাবদ্ধ না থেকে আক্রমণাত্মক প্রতিরোধ নীতি গ্রহণ করেছে।
স্থবির হয়ে পড়া দ্বিপাক্ষিক আলোচনা সম্পর্কে এই আইনপ্রণেতা বলেন, মার্কিন প্রশাসন পূর্বের প্রতিশ্রুতি ও সমঝোতা মানতে ব্যর্থ হয়েছে। ওয়াশিংটন চুক্তি অনুযায়ী প্রতিশ্রুতি পালন না করলে ইরান আর কোনো আলোচনায় অংশ নেবে না। এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালিসহ নানা আঞ্চলিক উত্তেজনার সমাধান সম্ভব নয় বলেও তিনি জানান।
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে সমান জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের
📷 ছবি: সংগৃহীত