খেলা

আলভারেজকে না পেলে বার্সার নজরে তিন ফরোয়ার্ড

আলভারেজকে না পেলে বার্সার নজরে তিন ফরোয়ার্ড
📷 ছবি: সংগৃহীত
হুলিয়ান আলভারেজকে দলে ভেড়ানোর চেষ্টা এখনো চালিয়ে যাচ্ছে বার্সেলোনা। আর্জেন্টাইন এই ফরোয়ার্ডকে ন্যু ক্যাম্পে আনতে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে, সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে সিদ্ধান্তে পৌঁছাতে চায় কাতালান ক্লাবটি। তবে আলভারেজকে পাওয়া কঠিন হয়ে পড়ায় বিকল্প খেলোয়াড়ও খুঁজতে শুরু করেছে তারা।

স্পেনের জনপ্রিয় ক্রীড়া অনুষ্ঠান ও ডিজিটাল সংবাদমাধ্যম ‘এল চিরিংগিতো টিভি’র দাবি, আলভারেজকে দলে নেওয়ার দৌড় থেকে সরে আসার প্রস্তুতি নিচ্ছে বার্সেলোনা। এরই মধ্যে আক্রমণভাগ শক্তিশালী করতে তিন ফরোয়ার্ডকে নিয়ে সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছে ক্লাবটি।

তালিকায় রয়েছেন ভিয়ারিয়ালের জর্জ মিকাউতাদজে, একই দলের আয়োজে পেরেস এবং ইন্টার মিলানের অধিনায়ক লাউতারো মার্তিনেজ।

তিনজনের মধ্যে মিকাউতাদজেকে নিয়ে বার্সেলোনার ক্রীড়া পরিচালক ডেকোর আগ্রহ সবচেয়ে বেশি বলে দাবি করা হয়েছে। ভিয়ারিয়ালের হয়ে তার পারফরম্যান্সে মুগ্ধ ডেকো। বার্সার আক্রমণভাগে জর্জিয়ান এই ফরোয়ার্ড কার্যকর সংযোজন হতে পারেন বলে মনে করছেন তিনি।

তবে মিকাউতাদজেকে দলে নেওয়ার বিষয়ে কোচ হান্সি ফ্লিকের পূর্ণ সমর্থন এখনো পাওয়া যায়নি। ফলে ডেকোর পছন্দ থাকলেও এই চুক্তি নিয়ে বার্সেলোনার ভেতরে এখনো পুরোপুরি ঐকমত্য তৈরি হয়নি।

অন্যদিকে, ভিয়ারিয়ালের আরেক ফরোয়ার্ড আয়োজে পেরেসকে ১০ থেকে ১৫ মিলিয়ন ইউরোর মধ্যে দলে নেওয়া যেতে পারে বলে জানিয়েছে ওই সংবাদমাধ্যম। আলভারেজকে এই মুহূর্তে না পেলেও ভবিষ্যতে আবারও তাকে দলে নেওয়ার পরিকল্পনা রয়েছে বার্সেলোনার। সে ক্ষেত্রে পেরেসকে তুলনামূলক কম খরচের স্বল্পমেয়াদি সমাধান হিসেবে বিবেচনা করা হতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, আলভারেজকে এখনই দলে নেওয়া সম্ভব না হলে জানুয়ারির দলবদল কিংবা ২০২৭ সালে আবারও তার জন্য চেষ্টা করতে পারে বার্সেলোনা। তাই ভবিষ্যতে আলভারেজকে পাওয়ার সুযোগ অক্ষুণ্ন রাখতে পেরেসকে অন্তর্বর্তীকালীন সমাধান হিসেবে দেখা হচ্ছে।

বার্সেলোনার বিকল্প তালিকার তৃতীয় নাম লাউতারো মার্তিনেজ। ইন্টার মিলানের অধিনায়ক ও আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ডের সঙ্গে গত কয়েক বছর ধরেই বার্সেলোনার নাম জড়িয়ে আসছে। এবারও কাতালান ক্লাবটির সম্ভাব্য পছন্দের তালিকায় জায়গা পেয়েছেন তিনি।