খেলা

শচীনের ১০০ সেঞ্চুরি ছুঁতে কোহলির সামনে কত দূরত্ব?

শচীনের ১০০ সেঞ্চুরি ছুঁতে কোহলির সামনে কত দূরত্ব?
📷 ছবি: সংগৃহীত
শচীন টেন্ডুলকারের ১০০ আন্তর্জাতিক সেঞ্চুরির রেকর্ড ভাঙার আলোচনায় বারবারই উঠে আসে বিরাট কোহলির নাম। আন্তর্জাতিক ক্রিকেটে বর্তমানে কোহলির সেঞ্চুরি ৮৬টি। ফলে শচীনের রেকর্ড ছুঁতে তাঁর প্রয়োজন আরও ১৪টি সেঞ্চুরি, আর রেকর্ড ভাঙতে করতে হবে ১৫টি।

৩৭ বছর বয়সী কোহলি এখন শুধু ওয়ানডে ক্রিকেট খেলছেন। তিনি জানিয়েছেন, ২০২৭ সালের বিশ্বকাপই হবে তাঁর শেষ বিশ্বকাপ। ফলে শচীনের রেকর্ড ভাঙার জন্য তাঁর হাতে সময় ও ম্যাচ—দুটিই সীমিত।

তিন সংস্করণ মিলিয়ে কোহলি ৬৩০ ইনিংসে ৮৬টি সেঞ্চুরি করেছেন। অর্থাৎ গড়ে প্রতি ৭ দশমিক ৩৩ ইনিংসে একটি করে সেঞ্চুরি পেয়েছেন তিনি। এই ক্যারিয়ার গড় ধরে এগোলে ১০১টি আন্তর্জাতিক সেঞ্চুরিতে পৌঁছাতে তাঁর আরও প্রায় ১১০টি ইনিংস প্রয়োজন হবে।

তবে কোহলির ওয়ানডে পরিসংখ্যান আলাদা আশার কথা বলে। এই সংস্করণেই তিনি সবচেয়ে বেশি সেঞ্চুরি করেছেন। ওয়ানডেতে তাঁর সেঞ্চুরি ৫৫টি, যা এসেছে ৩০৫ ইনিংসে। অর্থাৎ প্রতি ৫ দশমিক ৫৫ ইনিংসে একটি সেঞ্চুরি করেছেন তিনি।

এই গড় ধরে ১৫টি সেঞ্চুরি করতে কোহলির প্রয়োজন হবে প্রায় ৮৩টি ওয়ানডে ইনিংস। বর্তমান পরিস্থিতিতে এতগুলো ইনিংস খেলার সুযোগ পাওয়া তাঁর জন্য কঠিন।

সাম্প্রতিক ফর্ম অবশ্য কোহলির পক্ষে কথা বলছে। গত দুই বছরে ১০ ইনিংসে তিনি চারটি সেঞ্চুরি করেছেন। অর্থাৎ এই সময়ে প্রতি ২ দশমিক ৫ ইনিংসে একটি করে সেঞ্চুরি এসেছে তাঁর ব্যাট থেকে। এই গতি দীর্ঘ সময় ধরে রাখতে পারলে ১৫টি সেঞ্চুরি করতে প্রয়োজন হবে প্রায় ৩৮ ইনিংস।

তবে মাত্র ১০ ইনিংসের পারফরম্যান্স দিয়ে ভবিষ্যতের হিসাব করা কঠিন। ক্যারিয়ারজুড়ে প্রতি ২ দশমিক ৫ ইনিংসে একটি সেঞ্চুরি করা কোহলির স্বাভাবিক গড়ের তুলনায় অনেক বেশি। ফলে এই গতি ধরে রাখা সম্ভব হবে কি না, সেটিই বড় প্রশ্ন।

বিশ্বকাপের আগে ভারতের নিশ্চিত ওয়ানডে ম্যাচ রয়েছে মাত্র ১৩টি। এর সঙ্গে একটি ওয়ানডে এশিয়া কাপ এবং আরও কিছু ম্যাচ যোগ হতে পারে। এরপর রয়েছে ২০২৭ বিশ্বকাপ। ভারত যদি ফাইনাল পর্যন্ত খেলতে পারে, তাহলে বিশ্বকাপেই ১৩টি ম্যাচ পাওয়ার সম্ভাবনা রয়েছে।

সব মিলিয়ে কোহলির সামনে আনুমানিক ৩০টি ওয়ানডে থাকার সম্ভাবনা রয়েছে। সেই হিসাব অনুযায়ী শচীনের ১০০ সেঞ্চুরির রেকর্ড ছাড়াতে হলে তাঁকে প্রায় প্রতি দুই ইনিংসে একটি করে সেঞ্চুরি করতে হবে।

সর্বশেষ ওয়ানডেতেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি করেছেন কোহলি। ফলে তাঁর সাম্প্রতিক ফর্ম আশাব্যঞ্জক হলেও শচীনের ১০০ সেঞ্চুরির রেকর্ড ভাঙার সমীকরণ যে কঠিন, সেটি সংখ্যাগুলোই স্পষ্ট করে।