যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত অন্তর্বর্তী চুক্তির সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খোলা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মাদ বাঘের ঘালিবাফ।
রোববার (০৪ অক্টোবর) ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা নুরনিউজের এক প্রতিবেদনে এ তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে স্পিকার ঘালিবাফকে উদ্ধৃত করে বলা হয়, "মার্কিন যুক্তরাষ্ট্র গণমাধ্যমের সামনে ভিন্ন কথা বললেও সম্প্রতি মধ্যস্থতাকারীদের মাধ্যমে নতুন প্রস্তাব পাঠিয়েছে। তবে তাদের মনে রাখতে হবে, আলোচনা দীর্ঘায়িত করা এবং একপক্ষীয় দাবি চাপিয়ে দেওয়ার সময় পার হয়ে গেছে।"
ঘালিবাফ আরও জানান, ইরান তার স্পষ্ট ও দৃঢ় অবস্থানে অনড় রয়েছে। গত জুনে ইসলামাবাদে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের সাতটি শর্ত পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করা হবে না।
এর আগে একই দিনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বিদেশি কূটনীতিকদের উদ্দেশ্যে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান সংকট নিরসনে ইরান একটি প্রস্তাব উপস্থাপন করেছে। ওয়াশিংটন এই প্রস্তাব গ্রহণ করলে আগামী সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি খুলে দেওয়া সম্ভব।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে দিয়ে বলেন, ইরান আশা করে যুক্তরাষ্ট্র কূটনীতির পথ বেছে নেবে। তবে তারা যদি পুনরায় সামরিক আগ্রাসনের পথ অনুসরণ করে, তবে ইরান নিজেদের রক্ষায় আগের যেকোনো সময়ের চেয়ে বেশি শক্ত হাতে জবাব দিতে প্রস্তুত রয়েছে।
শর্ত পূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ: ইরান
📷 ছবি: সংগৃহীত