সারাদেশ

গাইবান্ধায় গৃহবধূকে ধর্ষণ ও হত্যাচেষ্টা: নারায়ণগঞ্জে আত্মগোপনে থাকা মিজানুর র‍্যাবের হাতে গ্রেপ্তার

গাইবান্ধায় গৃহবধূকে ধর্ষণ ও হত্যাচেষ্টা: নারায়ণগঞ্জে আত্মগোপনে থাকা মিজানুর র‍্যাবের হাতে গ্রেপ্তার
📷 ছবি: সংগৃহীত
গাইবান্ধায় গৃহবধূকে ধর্ষণ ও হত্যাচেষ্টা: নারায়ণগঞ্জে আত্মগোপনে থাকা মিজানুর র‍্যাবের হাতে গ্রেপ্তার

​গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় এক নারীকে ঘরে নিয়ে ধর্ষণচেষ্টা ও হত্যার উদ্দেশ্যে মারধরের মামলার পলাতক প্রধান আসামি মো. মিজানুর রহমান শেখকে (২৭) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। রোববার (৬ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পঞ্চবটি মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এড়াতে গাইবান্ধা ছেড়ে নারায়ণগঞ্জে আত্মগোপনে ছিলেন তিনি।

​আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট সকাল আনুমানিক ১১টার দিকে গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগে উল্লেখ করা হয়, ভুক্তভোগী নারীকে আসামি মিজানুর রহমান নিজের বসতঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় ভুক্তভোগী বাধা দিলে তাকে হত্যার উদ্দেশ্যে বেদম মারধর করে গুরুতর জখম করা হয়।

​পরবর্তীতে ভুক্তভোগী নারী ন্যায়বিচার চেয়ে গাইবান্ধার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ নালিশি দরখাস্ত দায়ের করেন। আদালতের নির্দেশে গাইবান্ধা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১)/৯(৪)(খ) এবং দণ্ডবিধির ৩০৭, ৩২৩ ও ৩২৫ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়।
​মামলা দায়েরের পর থেকেই আত্মগোপনে চলে যান মিজানুর। র‍্যাবের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জে তার অবস্থান শনাক্ত করে পঞ্চবটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

​মামলার তদন্তকারী কর্মকর্তা গাইবান্ধা সদর থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) আশাদুল ইসলাম জানান, গ্রেপ্তার আসামিকে আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও পারিপার্শ্বিক বিষয়গুলো গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

​এদিকে ভুক্তভোগী ও তার পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আদালতে অভিযোগের সত্যতা নিরূপণ করা হবে।

গাইবান্ধা জেলা প্রতিনিধি