শিক্ষা

৮০ শিক্ষার্থীর হাতে ফলজ-ঔষধি গাছের চারা, সেনবাগে বৃক্ষরোপণ কর্মসূচি

৮০ শিক্ষার্থীর হাতে ফলজ-ঔষধি গাছের চারা, সেনবাগে বৃক্ষরোপণ কর্মসূচি
📷 ছবি: সংগৃহীত

মোহাম্মদ উল্যা
বিশেষ প্রতিনিধি
কোম্পানীগঞ্জ, নোয়াখালী।

নোয়াখালীর সেনবাগে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ অক্টোবর) উপজেলার উত্তর শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সংস্থার পরিচালক আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন শহীদ উল্ল্যাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন কুয়েতপ্রবাসী ও সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক হাবীব উল্যা, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লুৎফুন নাহার বেগম, উত্তর শাহাপুর গ্রামের ইউপি সদস্য মোশারেফ হোসেন মিন্টু, সংস্থার পরিচালক ও সাংবাদিক মোহাম্মদ হারুন এবং পরিচালক আমির হোসেন লিটন।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণির ৮০ জন শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। কুয়েতপ্রবাসী ও রেমিট্যান্সযোদ্ধা হাবিব উল্লাহ হাবিবের অর্থায়নে এসব চারা বিতরণ করা হয়।
পরে বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ ও ঔষধি প্রজাতির চারটি গাছ রোপণ করা হয়। এ সময় আয়োজকরা শিক্ষার্থীদের নিজ নিজ গাছের নিয়মিত পরিচর্যা করার পাশাপাশি পরিবেশ সুরক্ষায় ব্যক্তি ও সামাজিক পর্যায়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার আয়োজকরা জানান, প্রবাসীদের সহযোগিতায় সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের পাশাপাশি পরিবেশ সুরক্ষায় এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত রাখার উদ্যোগ রয়েছে।