‘পথের সাথীকে চিনে নিও’ নাটকে বিসিএস ক্যাডার চরিত্রে মুশফিক আর ফারহান। নাটকটি মুক্তির পর দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেললেও চরিত্রটির উপস্থাপনায় একাধিক ভুল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়েছে।
জুবায়ের ইবনে বকরের নির্মাণে নাটকটির নাম রাখা হয়েছে হেমন্ত মুখোপাধ্যায়ের জনপ্রিয় গান ‘বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও’ থেকে। গানটির কথা লিখেছেন মুকুল দত্ত। ১০ সেপ্টেম্বর বাংলাভিশনের ইউটিউব চ্যানেলে মুক্তি পায় নাটকটি।
মুক্তির পর নাটকটি দর্শকদের কাছ থেকে ভালো সাড়াও পাচ্ছে। এরই মধ্যে ইউটিউবে নাটকটির ভিউ ৫১ লাখ ছাড়িয়েছে। মন্তব্যের সংখ্যাও প্রায় দেড় হাজার। অনেক দর্শক নাটকটির প্রশংসা করেছেন।
তবে নাটকটির গল্পে বিসিএস ক্যাডার চরিত্রের উপস্থাপন নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন দর্শকদের অনেকে। এতে মইন খান চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান। গল্পের শুরুতে মইন খানকে দরিদ্র অবস্থায় দেখা যায়। এ কারণে প্রেমিকার সঙ্গে তার সম্পর্ক ভেঙে যায়। পরবর্তী সময়ে বিসিএস ক্যাডার হয়ে উপজেলা নির্বাহী অফিসার বা ইউএনও পদে যোগদান করে মইন।
নাটকের এই অংশেই মূলত আপত্তি দর্শকদের। তাদের অভিযোগ, চাকরির প্রথম দিনেই মইনকে ইউএনও হিসেবে যোগ দিতে দেখানো হয়েছে, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। প্রশাসন ক্যাডারে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে চাকরি করার পর পদোন্নতির মাধ্যমে ইউএনও হওয়ার সুযোগ আসে।
এ ছাড়া নাটকে মইনের পদ হিসেবে ‘অ্যাসোসিয়েট ম্যাজিস্ট্রেট’ শব্দটি ব্যবহার করা হয়েছে। দর্শকদের অনেকে জানিয়েছেন, বাংলাদেশের সরকারি চাকরিতে এ ধরনের কোনো পদ নেই। নাটকের একটি নামফলকে উত্তরাকে উপজেলা হিসেবে দেখানোর বিষয়টিও সমালোচনার জন্ম দিয়েছে।
তানভীর খালেদ নামের এক দর্শক মন্তব্য করেছেন, ‘এ দেশে নাট্য ইন্ডাস্ট্রি নষ্টদের অধিকারে চলে গেছে। আগে এফডিসিতে সিনেমা বানাত আলু পটল ব্যবসায়ীরা। এখন নাটক চালায় কাছাকাছি মানের লোক। তাই এসব নাটক তৈরি হয়। ক’দিন পূর্বে জোভানের নাটকে বিসিএস ক্যাডারকে ভুলভাবে উপস্থাপন; আর আজ মুশফিক ফারহানের নাটকে! অথচ পাশের দেশে চাকরির সংগ্রাম নিয়ে কী সুন্দর নাটক-সিনেমা হচ্ছে!’
মোহাম্মদ রবিন পারভেজ নামের আরেক দর্শক লিখেছেন, ‘এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের দিন শেষ, আসছে এসোসিয়েট ম্যাজিস্ট্রেট। মানে, এসব নাটক বানানোর আগে ন্যূনতম পড়াশোনাও করে না? এখন তো এআইকে বললেও এসব তথ্য দিয়ে যায়। কিছুদিন আগে বানিয়েছিল পররাষ্ট্র ক্যাডার নিয়ে। কতটা অযোগ্য লোকজন আমাদের দেশে নাটক বানায়! ভাই, আপনারা ক্যাডার সার্ভিসকে মাফ করে দেন।’
এ ধরনের আরও অনেক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেখা যাচ্ছে। তবে নাটকের এসব বিষয় নিয়ে এখনো নির্মাতা কিংবা অভিনয়শিল্পীদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
‘পথের সাথীকে চিনে নিও’ নাটকের গল্প লিখেছেন শাহজাহান সৌরভ। এতে মুশফিক আর ফারহানের সঙ্গে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া, জয়নাল জ্যাক, মিলি বাসার, আরকে রেজাসহ আরও অনেকে। নাটকের সংগীত পরিচালনা করেছেন সালাম জিম।
এর আগে আনিসুর রহমান রাজিবের ‘সে প্রথম প্রেম আমার’ নাটকের একটি দৃশ্য নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে হাসাহাসি হয়েছিল। ওই দৃশ্যে গল্পের নায়ক, ফারহান আহমেদ জোভান নিজেকে বিসিএসের পররাষ্ট্র ক্যাডার হিসেবে পরিচয় দেন। নাটকটিতে তার সঙ্গে অভিনয় করেছেন আইশা খান।
বিসিএস ক্যাডার চরিত্রে ফারহান, নাটকের ভুল নিয়ে দর্শকদের হাসাহাসি
📷 ছবি: সংগৃহীত