বিরোধীদলীয় নেতার সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ
📷 ছবি: সংগৃহীত
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
পরে জামায়াতে ইসলামীর ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
সাক্ষাৎকালে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে দেশটির দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ড. লিউ ইউয়িন, কালচারাল কাউন্সেলর লি শাওপেং, অ্যাটাচে মিস লিয়াং শুয়িং এবং পলিটিক্যাল অ্যাফেয়ার্স অ্যাটাচে ওয়াং ডাউয়েই উপস্থিত ছিলেন।
পোস্টে বলা হয়, বিদায়ী সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। আগামী দিনগুলোতে দুই দেশের অর্থনৈতিক, রাজনৈতিক, বাণিজ্যিক, কূটনৈতিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তারা আশা প্রকাশ করেন।
পাশাপাশি দ্বিপক্ষীয় সহযোগিতা, উন্নয়ন ও অগ্রগতির ধারাকে আরও বেগবান করতে উভয় দেশ একযোগে কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।
এ সময় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দলের আমির ও নেতারা বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক পরিস্থিতি তৈরিতে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের ভূমিকার প্রশংসা করেন বলে পোস্টে উল্লেখ করা হয়। বিশেষ করে জুলাই আন্দোলন-পরবর্তী রাজনৈতিক পটপরিবর্তনের সময়ে জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দলের মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং পারস্পরিক সংলাপের পরিবেশ তৈরিতে রাষ্ট্রদূতের ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানানো হয়।
চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এর আগে ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও বিদায়ী সাক্ষাৎ করেন। ওই বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।