কবিরহাটে মাদকবিরোধী উদ্যোগ: ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ
মোহাম্মদ উল্যা
বিশেষ প্রতিনিধি
কোম্পানীগঞ্জ, নোয়াখালী।
‘ক্রীড়াই শক্তি-ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল’—এই স্লোগানকে সামনে রেখে নোয়াখালীর কবিরহাট উপজেলায় ৭৫টি শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়া ও সামাজিক সংগঠনের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে কবিরহাট উপজেলার শিরিন গার্ডেন হলরুমে উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়া ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের হাতে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পর্যায়ক্রমে কবিরহাট উপজেলার আরও শতাধিক প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
কবিরহাট উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. গোলাম মোমিত ফয়সালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল ইসলাম।
এ সময় বক্তব্য দেন কবিরহাট সরকারি কলেজের শিক্ষক মহিম চন্দ্র দাস, কবিরহাট উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোহাম্মদ কুতুব উদ্দিন, সহ-সভাপতি কামাল হোসেন সৌরভ এবং অতিরিক্ত সাধারণ সম্পাদক আবদুল বাছেত হিরনসহ সংশ্লিষ্টরা।
বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ তৈরি করা জরুরি। নিয়মিত খেলাধুলা তরুণদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি শৃঙ্খলা, দলীয় চেতনা ও ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে সহায়তা করে।
তারা আরও বলেন, মাদক প্রতিরোধ শুধু আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব নয়; পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও ক্রীড়া সংগঠনসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। মাঠে খেলাধুলার সুযোগ বাড়ানো গেলে তরুণদের একটি অংশকে মাদক ও অপরাধপ্রবণতা থেকে দূরে রাখার পরিবেশ তৈরি করা সম্ভব।
অনুষ্ঠানে কবিরহাট উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের ক্রীড়ানুরাগী ব্যক্তি, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কবিরহাটে মাদকবিরোধী উদ্যোগ: ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ
📷 ছবি: সংগৃহীত