সারাদেশ

বুড়িগঙ্গায় প্রতিমা বিসর্জনে নেমে কিশোর নিখোঁজ, চলছে ডুবুরি দলের অভিযান

বুড়িগঙ্গায় প্রতিমা বিসর্জনে নেমে কিশোর নিখোঁজ, চলছে ডুবুরি দলের অভিযান
📷 ছবি: সংগৃহীত
পুরান ঢাকার বুড়িগঙ্গা নদীতে প্রতিমা বিসর্জনের সময় পানিতে ডুবে গোপাল (১৫) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। নিখোঁজ কিশোরকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি অভিযান চালাচ্ছে।

শুক্রবার (২১ আগস্ট) দুপুরে কেরানীগঞ্জ সংলগ্ন আলম মার্কেট এলাকার কাছে এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে প্রতিমা বিসর্জনের জন্য তারা সবাই বুড়িগঙ্গা নদীর পাড়ে যান। এ সময় পরিবারের অন্য সদস্যদের সঙ্গে গোপালও প্রতিমা বিসর্জনে অংশ নেয়। একপর্যায়ে প্রতিমার পাশ দিয়ে পানিতে ডুব দেওয়ার পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

নিখোঁজ কিশোরের পরিবারের সদস্য শিমা জানান, গোপালের সঙ্গে আরও দুই কিশোর পানিতে সাঁতার কাটছিল। তবে সে নিখোঁজ হওয়ার বিষয়টি তাৎক্ষণিকভাবে কেউ বুঝতে পারেননি। পরে দুপুর আড়াইটা থেকে ৩টার দিকে বিষয়টি পরিবারের সদস্যদের নজরে আসে।

গোপালের বন্ধু প্রত্যয় জানান, নৌকা নদীর অপর পাড়ে পৌঁছানোর পর কয়েকজন পানিতে লাফ দেয়। পরে নৌকার মাঝামাঝি অবস্থান থেকে আরও কয়েকজন পানিতে নামলে তাদের দেখাদেখি গোপালও পানিতে লাফ দেয়। পানিতে নামার পরপরই একটি বড় ঢেউ তাকে ভাসিয়ে নিয়ে যায় বলে জানান তিনি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নদীতে তল্লাশি শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ কিশোরের কোনো সন্ধান পাওয়া যায়নি।

গোপালের মা প্রিয়াঙ্কা ছেলেকে দ্রুত উদ্ধারে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।