সারাদেশ

সালমান মুক্তাদিরের শ্বশুরের চার বারে অভিযান, ৮৬৮ লিটার মদ জব্দ

সালমান মুক্তাদিরের শ্বশুরের চার বারে অভিযান, ৮৬৮ লিটার মদ জব্দ
📷 ছবি: সংগৃহীত

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর নূর ইসলামের মালিকানাধীন ফুয়াং বোলিং অ্যান্ড সার্ভিসেস লিমিটেডসহ চারটি বারে অভিযান চালিয়ে ৮৬৮ লিটার মদ জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কর্মকর্তারা জানিয়েছেন, কোনো ব্যক্তিকে লক্ষ্য করে নয়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এ অভিযান চালানো হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন তারা।

গত সপ্তাহে রাতে রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওসহ নিউগিনি প্রোপার্টিজে হামলার ঘটনা ঘটে। ওই হামলায় সরকারদলীয় লোকজন জড়িত বলে অভিযোগ করেন সালমান মুক্তাদির।

এরপর তার ব্যাংক হিসাব তলব করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এছাড়া শুক্রবার সালমান মুক্তাদিরের শ্বশুর নূর ইসলামের চারটি মদের গুদাম সিলগালা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এরই ধারাবাহিকতায় শনিবার নূর ইসলামের মালিকানাধীন ফুয়াং বোলিং অ্যান্ড সার্ভিসেসসহ চারটি বারে অভিযান চালায় এনবিআরসহ কয়েকটি গোয়েন্দা সংস্থা। এ সময় ৮৬৮ লিটার মদ জব্দ করা হয়।

পরে এনবিআর কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটির কর্মকর্তারা জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই তারা অভিযান পরিচালনা করেছেন। কোনো ব্যক্তিকে লক্ষ্য করে এ অভিযান চালানো হয়নি।

তবে অভিযানে কাউকে আটক করা হয়নি। এনবিআরের কর্মকর্তারা জানান, আগামী দিনগুলোতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।