তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন জহির উদ্দিন স্বপন। তাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
শনিবার এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা পদত্যাগসংক্রান্ত প্রজ্ঞাপনে জানানো হয়, জহির উদ্দিন স্বপনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।
পৃথক প্রজ্ঞাপনে ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর বিধি অনুযায়ী তাঁকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। এই পদে বহাল থাকাকালে তিনি মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।
জহির উদ্দিন স্বপন বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর তাঁকে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল।
মন্ত্রীর পদ ছেড়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন
📷 ছবি: সংগৃহীত