রাজনীতি

​তারেক রহমানকে কটূক্তি ও বিএনপি নেতাদের হত্যার হুমকি, ফুলছড়িতে অভিযোগ

​তারেক রহমানকে কটূক্তি ও বিএনপি নেতাদের হত্যার হুমকি, ফুলছড়িতে অভিযোগ
📷 ছবি: সংগৃহীত
তারেক রহমানকে কটূক্তি ও বিএনপি নেতাদের হত্যার হুমকি, ফুলছড়িতে অভিযোগ

​ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি

সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ব্যঙ্গাত্মক প্রচারণা, কুরুচিপূর্ণ মন্তব্য এবং প্রতিবাদ করায় দলটির নেতাকর্মীদের গুম ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় গাইবান্ধার ফুলছড়ি থানায় আওয়ামী লীগের ছয় নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ১০-১২ জনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।


​শনিবার (৫ সেপ্টেম্বর) ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান বাদী হয়ে এ অভিযোগ দায়ের করেন।

​অভিযুক্ত ব্যক্তিরা হলেন— উপজেলার তিনথোপা গ্রামের মো. সুমন মোল্লা (২৫) ও মো. বাদশা মোল্লা (৫০), হরিচন্ডি গ্রামের মো. জাহিদ হাসান নয়ন (২৮), সন্ন্যাসীরচর গ্রামের মো. ফজলে রাব্বি (২৫), চড়িয়ালাবাড়ী গ্রামের এস এম রফিকুল ইসলাম (৫৫) এবং আলগার চর গ্রামের মো. শফিকুল ইসলাম ওরফে শফি (৪২)। অভিযোগপত্রে তাদের স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বলে উল্লেখ করা হয়েছে।


​অভিযোগ সূত্রে জানা যায়, ৫ ও ৬ নম্বর বিবাদীর প্ররোচনায় অপর অভিযুক্তরা দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে লক্ষ্য করে কুরুচিপূর্ণ পোস্ট ও ব্যঙ্গচিত্র ছড়িয়ে আসছিলেন। যুবদল নেতা মাহমুদুল হাসানসহ স্থানীয় নেতাকর্মীরা এসব কর্মকাণ্ডের প্রতিবাদ জানালে অভিযুক্তরা ক্ষিপ্ত হন। এর জের ধরে গত ১১ আগস্ট প্রতিবাদকারী বিএনপি নেতাকর্মীদের ওপর চড়াও হয়ে সুযোগ পেলে তাদের গুম ও খুন করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।


​এ বিষয়ে বাদী মাহমুদুল হাসান জানান, বিষয়টি নিয়ে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে পরামর্শের পর জীবনের নিরাপত্তা ও সুষ্ঠু বিচারের স্বার্থে থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।

​এ বিষয়ে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


গাইবান্ধা জেলা প্রতিনিধি