কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতির অভিযোগে ছয়জন আটক
প্রাইভেটকার থেকে রামদা-চাপাতিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার, পালিয়েছে আরও ৭–৮ জন
মোহাম্মদ উল্যা
বিশেষ প্রতিনিধি:
কোম্পানীগঞ্জ, নোয়াখালী।
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতির অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার, রামদা, চাপাতি, কাটার, লোহার কোরাবারীসহ ডাকাতির কাজে ব্যবহারের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ৭ থেকে ৮ জন অজ্ঞাতনামা ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরকলমী এলাকার চৌরাস্তা বাজারের উত্তরে রেড ক্রিসেন্ট সোসাইটির পরিত্যক্ত আশ্রয়কেন্দ্রের পশ্চিম পাশে এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন—চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কেশবপুর এলাকার মো. রফিকুল ইসলাম ওরফে রফিক (৫৫), নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকলমী এলাকার নুর মোহাম্মদ (৩২), একই এলাকার মো. নুর নবী (৩৯), সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি এলাকার মো. আজিজুল মোস্তাফা (৩৫), মহিউদ্দিন হোসেন (২৮) ও মিজানুর রহমান (২৫)।
পুলিশ জানায়, কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সুমন চন্দ্র দাসের নেতৃত্বে পুলিশের একটি দল অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার এবং ওয়ারেন্ট তামিলের দায়িত্বে ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, চরকলমী এলাকার একটি পাকা সড়কে একদল ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।
সংবাদ পাওয়ার পর ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করে পুলিশের দলটি ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে ছয়জনকে আটক করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা আরও ৭ থেকে ৮ জন অজ্ঞাতনামা ব্যক্তি দৌড়ে পালিয়ে যায় বলে পুলিশ দাবি করেছে।
পরে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে থাকা একটি সিলভার রঙের TOYOTA SUCCEED প্রাইভেটকারের (চট্ট মেট্রো-গ-১১-৯০৮৭) পেছনের ডালা তল্লাশি করে অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশের জব্দ তালিকা অনুযায়ী, উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে ২৬ ইঞ্চি লম্বা একটি রামদা, প্লাস্টিকের হাতলসহ ১৮ ইঞ্চি লম্বা একটি কাটার, ‘STEEL TECH’ লেখা ১৫ ইঞ্চি লম্বা একটি চাপাতি, ২৪ ইঞ্চি লম্বা একটি পুরোনো লোহার কোরাবারী, বিভিন্ন রঙের তিনটি পুরোনো গামছা এবং একটি কালো কাপড়ের টুকরা।
কোম্পানীগঞ্জ থানার কর্মকর্তা নুরুল হাকিম জানান, আটক ছয়জন এবং পলাতক অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় মামলা রুজুর জন্য এজাহার দায়ের করা হয়েছে। উদ্ধার করা আলামত জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, পলাতক ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তবে আটক ব্যক্তিরা প্রকৃতপক্ষে কোনো ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন কি না, তা তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।
কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতির অভিযোগে ছয়জন আটক
📷 ছবি: সংগৃহীত