সারাদেশ

রাঙামাটি জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান হলেন দীপন তালুকদার

রাঙামাটি জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান হলেন দীপন তালুকদার
📷 ছবি: সংগৃহীত
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে সরকার। পুনর্গঠিত এই পরিষদের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু।

বৃহস্পতিবার বিকেলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পরিষদ শাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে নতুন চেয়ারম্যান ও ১৪ জন সদস্যের নাম ঘোষণা করা হয়। ১৫ সদস্যের এই অন্তর্বর্তীকালীন পরিষদে বিএনপি, যুবদল ও ছাত্রদলের রাজনীতিতে যুক্ত ব্যক্তিদের পাশাপাশি পাহাড়ি-বাঙালি বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিত্ব রাখা হয়েছে। এতে প্রথমবারের মতো খিয়াং সম্প্রদায় থেকেও একজনকে সদস্য করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, জেলা পরিষদের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মামুনুর রশিদ মামুন, কেন্দ্রীয় যুবদল নেতা শাশ্বত চাকমা রিংকু, বাঘাইছড়ি থেকে বিল্টু চাকমা, বরকল থেকে সুবিমল চাকমা, জুরাছড়ি থেকে অনিল বরণ চাকমা, কাপ্তাই থেকে উথোয়াইমং মার্মা, কাউখালী থেকে পাইচিং মং মার্মা, রাজস্থলী থেকে মিস প্রেমা তালুকদার, খিয়াং সম্প্রদায়ের প্রতিনিধি তিমথী খিয়াং, সুপর্ণ দেব বর্মন, লংগদু থেকে মো. তোফাজ্জল হোসেন, রাঙামাটি জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফারুক হোসেন সাব্বির, মিস নন্দিতা দাশ ও কেন্দ্রীয় ছাত্রদল নেত্রী মিস চন্দ্রা চাকমা।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৯৮ এবং এর সংশোধনীর বিধান অনুযায়ী সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ আইন অনুযায়ী দায়িত্ব পালন করবে।

একই সঙ্গে ২০২৪ সালের ৭ নভেম্বর গঠিত আগের অন্তর্বর্তীকালীন পরিষদটি বাতিল করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়।