শিক্ষার্থীদের খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষায় রাবি প্রশাসনকে ছাত্রদলের আরিফুল ইসলামের ১৬ দফা দাবি
মাহফুজ আহমেদ রাজশাহী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সুস্থতা, নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রশাসনকে ১৬ দফা দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছেন রাবি ছাত্রদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. আরিফুল ইসলাম।
আজ রবিবার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এই স্মারকলিপি তুলে ধরা হয়।
স্মারকলিপিতে মো. আরিফুল ইসলাম উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়ের ডাইনিং, ক্যাফেটেরিয়া ও খাবারের দোকানগুলোতে নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে গুণগত মান নিশ্চিত করা জরুরি। পাশাপাশি শহীদ মিনার, টুকিটাকি চত্বর, প্যারিস রোড, কাজলা ও বিনোদপুর গেটসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে পর্যাপ্ত নিরাপদ পানির ফিল্টার ও পাবলিক ওয়াশরুম স্থাপনের দাবি জানান তিনি।
স্মারকলিপিতে অন্যান্য প্রস্তাবনার মধ্যে রয়েছে—বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে চিকিৎসক ও ওষুধ সরবরাহ বাড়ানো, ২৪ ঘণ্টা মডেল ফার্মেসি ও আধুনিক অ্যাম্বুলেন্স সেবা চালু রাখা, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সেমিনার ও কাউন্সেলিং, নিয়মিত মশক নিধন ও ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার করা।
এছাড়া শিক্ষার্থীবান্ধব স্বাস্থ্যবিমা চালু, শ্রেণিকক্ষে এসি সুবিধা, অগ্নিনির্বাপক যন্ত্র নবায়ন এবং ক্যাম্পাসের ঝুঁকিপূর্ণ গাছের ডাল ছাঁটাইয়ের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
এ বিষয়ে মো. আরিফুল ইসলাম বলেন, "শিক্ষার্থীদের মৌলিক স্বাস্থ্যসেবা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি। সাধারণ শিক্ষার্থীদের সার্বিক কল্যাণের কথা বিবেচনায় রেখে এই দাবিগুলো পেশ করা হয়েছে এবং দ্রুত তা বাস্তবায়নে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।"
শিক্ষার্থীদের খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষায় রাবি প্রশাসনকে ছাত্রদলের আরিফুল ইসলামের ১৬ দফা দাবি
📷 ছবি: সংগৃহীত