শিক্ষা

এক মাসের মধ্যে প্রাথমিকে নতুন নীতিমালা

 এক মাসের মধ্যে প্রাথমিকে নতুন নীতিমালা
📷 ছবি: সংগৃহীত
প্রাথমিক শিক্ষার প্রশাসনিক কাঠামো, শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং ও জবাবদিহিতা আরও শক্তিশালী করতে আগামী এক মাসের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত কর্মশালাগুলো থেকে প্রাপ্ত কর্মকর্তা ও মাঠপর্যায়ের মতামতের ভিত্তিতে এই রূপরেখা তৈরি করা হবে।

রোববার বরিশাল নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘প্রাথমিক শিক্ষার শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও প্রশাসনিক কাঠামোর সংস্কার’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, প্রাথমিক শিক্ষার সার্বিক পরিবেশ ও প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনায় স্বচ্ছতা আনতেই মাঠপর্যায়ের কর্মকর্তাদের মতামত নেওয়া হচ্ছে। ইতিমধ্যে কয়েকটি বিভাগে এ কর্মশালা শেষ হয়েছে এবং চলতি মাসের মধ্যে সব বিভাগের প্রক্রিয়া সম্পন্ন করে এক মাসের মধ্যে চূড়ান্ত নীতিমালা প্রকাশ করা হবে। নতুন এই নীতিমালার আলোকেই প্রাথমিক বিদ্যালয় ও প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হবে।

শ্রেণি কাঠামোর বিষয়ে প্রতিমন্ত্রী পরিষ্কার করেন, কোনো প্রাথমিক বিদ্যালয় বন্ধ করা হবে না। তবে অষ্টম শ্রেণি পর্যন্ত থাকা স্কুলগুলো পর্যায়ক্রমে আগামী তিন বছরের মধ্যে টার্মিনেট করে প্রাথমিক শিক্ষাকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সীমাবদ্ধ রাখা হবে। মাঠপর্যায়ের আঞ্চলিক চাহিদার ওপর ভিত্তি করে প্রাপ্ত সুনির্দিষ্ট সুপারিশমালা নতুন নীতিমালায় অন্তর্ভুক্ত করার আশ্বাস দেন তিনি।