শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের দোহারের করম আলী মোড় এলাকায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আজ ১ সেপ্টেম্বর, ২০২৬, মঙ্গলবার, বিকেল ৪ টায়, বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।
আলোচনা সভার পূর্বে করম আলী মোড় এলাকা থেকে একটি সুসজ্জিত ও বিশাল শোভাযাত্রা বের করা হয়। দলের নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড এবং জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে মিছিলে অংশ নেন। শোভাযাত্রাটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশস্থলে এসে শেষ হয়।
আলোচনা সভায় সংসদ সদস্য খন্দকার আবু আশফাক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, "বিএনপি গণমানুষের দল। বহু ঘাত-প্রতিঘাত পেরিয়ে বিএনপি আজ জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতীকে পরিণত হয়েছে। দেশ ও জনগণের কল্যাণে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বিএনপির নেতাকর্মীরা সবসময় অগ্রভাগে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।"
তিনি দোহার ও নবাবগঞ্জের সার্বিক উন্নয়ন এবং জনগণের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি স্থানীয় বিএনপি পরিবারকে সুসংগঠিত থেকে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সক্রিয় ভূমিকা রাখার নির্দেশ দেন।
এ আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, এস. এম. নজরুল ইসলাম মেছের - সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), দোহার উপজেলা, মাসুদ পারভেজ - সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), দোহার উপজেলা, আবুল হাসেম বেপারী - সিনিয়র সহসভাপতি, ঢাকা জেলা জাতীয়তাবাদী যুবদল, শামীমা রাহিম শীলা - সভাপতি, ঢাকা জেলা জাতীয়তাবাদী মহিলা দল। এছাড়াও দোহার উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ স্থানীয় সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষপর্যায়ের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতীক বিএনপি’-দোহার সমাবেশে এমপি আশফাক
📷 ছবি: সংগৃহীত