সেনবাগ প্রতিনিধি:-
নোয়াখালীর সেনবাগে সেচপাম্পের বৈদ্যুতিক তারে জড়িয়ে চন্দ্রবানু (৫২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন তাঁর মেয়ে ডলি (২৬)। সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার ৩ নম্বর ডমুরুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মতইন গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশের ক্ষেত থেকে সবজি আনতে যান চন্দ্রবানু। এ সময় সেচপাম্পের বৈদ্যুতিক তারে পা পড়লে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। মাকে বাঁচাতে এগিয়ে গেলে তাঁর মেয়ে ডলিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা মা-মেয়েকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক চন্দ্রবানুকে মৃত ঘোষণা করেন। ডলির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।##
মোঃ ফখরুদ্দিন মোবারক শাহ,
সেনবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মায়ের মৃত্যু, বাঁচাতে গিয়ে গুরুতর আহত মেয়ে।